নতুন লড়াইয়ে ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই অপবাদটা বয়ে বেড়াচ্ছেন। বিব্রতকর পরিস্থিতির মুখোমুখিও হতে হয়েছে। তাঁর মতো একজন বিশ্বতারকার কান থেকে দুল আর হাত থেকে ঘড়ি খুলে নেওয়ার মতো অপমানজনক ঘটনা ঘটেছে। বারবার বলে এসেছেন, অন্যায় তিনি করেননি, সেটার শাস্তি কেন ভোগ করবেন? এবার আর কথায় নয়। ডিয়েগো ম্যারাডোনা ইতালিতে আসছেন নিজেকে নিরপরাধ প্রমাণ করতে। ইতালির নাপোলির হয়ে খেলার সময় বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছেন বলে যে অভিযোগ তাঁর নামে, সেই অভিযোগ থেকেই মুক্তি চান আর্জেন্টাইন কিংবদন্তি। ম্যারাডোনা কদিন ধরেই বলছেন, নাপোলির খেলা দেখার জন্য তাঁর মন ব্যাকুল হয়ে আছে। ১৯৮৪ থেকে ১৯৯১—সাত বছর এই ক্লাবে খেলেছেন। তাঁর সময়ে সাদামাটা থেকে অসাধারণ একটি দল হয়ে ওঠে নাপোলি। সেই নাপোলির যেন পুনর্জন্ম হয়েছে। দুই মৌসুম ধরে ভালো খেলা নেপলসের ক্লাবটি এবার ইতালিয়ান কাপের ফাইনালেও উঠেছে। আগামী মে মাসে জুভেন্টাসের বিপক্ষে অনুষ্ঠেয় সেই ফাইনালটি দেখতে চান ম্যারাডোনা। কিন্তু ইতালি বিমানবন্দরে নামলেই কোত্থেকে যেন উড়ে আসেন কর কর্মকর্তারা। ম্যারাডোনার মাথার ওপর যে প্রায় ৩ কোটি ২০ লাখ ইউরো (৩৪৮ কোটি টাকা) বকেয়া করের খড়্গ!কর ফাঁকির এ অভিযোগ থেকে মুক্তি পেতে আগামী সপ্তাহে ম্যারাডোনা ইতালিতে যাবেন বলে জানিয়েছেন ইতালিতে নিযুক্ত তাঁর আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি। ‘রেডিও কিস কিস’কে পিসানি বলেছেন, ‘আমি গতকালই (পরশু) তাঁর (ম্যারাডোনা) সঙ্গে কথা বলেছি। এটা নিশ্চিত করতে পারি, আগামী সপ্তাহেই তিনি ইতালি আসছেন। আমিও তাঁকে কথা দিয়েছি, এবার তাঁকে উষ্ণ অভ্যর্থনাই জানানো হবে। সান পাওলোর গ্যালারিতে এসে তিনি নাপোলি সমর্থকদের অভিবাদনও জানাতে পারেন। দেখতে পারেন কোপা ইতালিয়া ফাইনাল। তা করতে পারলে তিনি খুশিই হবেন। আমরা এখন সেটা (আইনি দিকগুলো) নিয়েই কাজ করছি।’আপাতত ম্যারাডোনা আদালতের দ্বারস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন তাঁর আইনজীবী, ‘বকেয়া করের ব্যাপারে আগামী ৫ এপ্রিল শুনানি হবে। নেপলস ও ইতালির প্রতিটি মানুষের কাছে ম্যারাডোনা পরিষ্কার করে দিতে চান, তিনি করখেলাপি নন। তিনি এক ধরনের ষড়যন্ত্র, ন্যায়বিচারের অধীন অবিচারের শিকার। বিচারকদের কাছে তিনি সত্যিটাই তুলে ধরতে চান, প্রমাণ করতে চান, তিনি পালাচ্ছেন না।’নিজের সুবর্ণ সময়টা নাপোলিতেই কাটিয়েছেন। এই ক্লাবে খেলার সময়েই বিশ্বকাপ জিতেছেন। আবার এখানে থাকার সময়েই মাদকের মরণনেশায় জড়িয়ে পড়া। জীবনের একটা বড় অধ্যায়জুড়ে আছে এই শহর। আবেগময় ম্যারাডোনা নাপোলির ভক্তদের জন্য পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে একটি ভিডিওবার্তাও পাঠাবেন বলে জানিয়েছেন পিসানি। ওয়েবসাইট।