নতুন শারাপোভা
১০ বছর আগে সবুজ কোর্টে অভিষেক হয়েছিল এক ষোড়শীর। সবাইকে চমকে দিয়ে বার্মিংহাম ওপেনটা জিতেই নিয়েছিলেন মারিয়া শারাপোভা। তার পর থেকেই শারাপোভার ছটায় উজ্জ্বল টেনিস-বিশ্ব। সেই বার্মিংহাম থেকেই পাওয়া গেল আরেক শারাপোভাকে। আসলে পাওয়া গেল শারাপোভার ছায়া। এবারের বার্মিংহাম ওপেনের ফাইনালে ওঠা ডোনা ভেকিচের সঙ্গে পূর্বসূরির খেলার ধরনে বেশ মিল। কাকতালীয়ভাবে ভেকিচের বয়সও এখন ১৬! শুধু জাতীয়তাই ভিন্ন, একজন রাশিয়ান, আরেকজন ক্রোট। এএফপি।
শ্রীশান্তের প্রার্থনা
তিনি অপরাধী নন—দাবি করে আসছেন শুরু থেকেই। কিন্তু আইনি লড়াইয়ে তা প্রমাণ করতে হবে তো! শ্রীশান্ত যেন সেটা ছেড়ে দিয়েছেন ঈশ্বরের হাতে। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে নিয়মিত মন্দিরে যাচ্ছেন, ঈশ্বরের আশীর্বাদ চাইছেন। পরশু মন্দির থেকে ফিরে যাওয়ার পথে ঘিরে ধরা সংবাদমাধ্যমকে জানালেন, অতীতে হয়তো ছোটখাটো কিছু ভুল করেছেন, কিন্তু এবারের ঘটনায় তিনি নাকি পুরোপুরি নির্দোষ! ভগবান আয়াপ্পার আশীর্বাদে স্পট ফিক্সিংয়ের কালিমা ধুয়েমুছে ফিরে আসবেন নতুন শ্রীশান্ত হয়ে। এখন ঈশ্বর তাঁর প্রার্থনা শুনলে হয়। পিটিআই।
কোলের ভয়
অ্যাশলি কোল এখন নিজেকেই হয়তো শাপশাপান্ত করছেন। কোন কুক্ষণে যে বোকামিটা করতে গিয়েছিলেন! চেলসি ডিফেন্ডার গিয়েছিলেন লস অ্যাঞ্জেলেসে ছুটি কাটাতে। সেখানেই ধূমপান করেছেন বন্ধুদের পাল্লায় পড়ে। অসতর্ক কোল খেয়াল করেননি কোন ফাঁকে আলোকচিত্রীর ক্যামেরায় দৃশ্যটা বন্দী হয়ে গেছে! এতক্ষণে হোসে মরিনহো নিশ্চয়ই ব্যাপারটা জেনে গেছেন। আর ধূমপান একদমই বরদাশত করেন না চেলসির নতুন কোচ। গত বছর প্রকাশ্যে ধূমপান করার জন্য রিয়াল ডিফেন্ডার ফ্যাবিও কোয়েন্ত্রাওকে বসিয়ে রেখেছিলেন বেঞ্চে। মরিনহোর সঙ্গে সম্পর্কটা ভালো হলেও কোলকে আক্কেলসেলামি দিতে হবে কি না কে জানে! ওয়েবসাইট।