নতুন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ থেকে ২২ হতে সময় লেগেছিল তিন মাস। ২২ থেকে ২৩ হতে লাগল প্রায় ১২ মাস! যুক্তরাষ্ট্রের সেলুলার সাউথ ওপেন জিতেছিলেন ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি, ২১তম এটিপি শিরোপা। ২২ মে জিতলেন ২২তম শিরোপা, ফ্রান্সের স্ট্রাসবুর্গ ইন্টারন্যাশনাল। মারিয়া শারাপোভা ২৩তম শিরোপাটা জিতলেন গত পরশু। রোম মাস্টার্সের ওপেনে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরকে উড়িয়ে দিয়েছেন ৬-২, ৬-৪ গেমে। ফ্রেঞ্চ ওপেনের আদর্শ প্রস্তুতি!কিন্তু এমন তো গতবারও হয়েছিল। প্যারিসে নামার আগে আগে জিতেছিলেন স্ট্রাসবুর্গে। কিন্তু রোলাঁ গাঁরোর সাফল্য-খরা কাটাতে পারেননি। তিনটি গ্রান্ড স্লাম জিতেছেন, কিন্তু সাফল্য-খরা সেখানে আরও দীর্ঘ। যদিও তিনটি আলাদা গ্র্যান্ড স্লাম বলে আলাদা একটা গর্ব আছে। ২০০৪-এ জিতেছিলেন উইম্বলডন, ২০০৬-এ ইউএস আর ২০০৮-এ অস্ট্রেলিয়ান ওপেন। খারাপ সময়ের শুরু আসলে ওই বছর থেকেই। জাস্টিন হেনিনের অকাল অবসরে অপ্রত্যাশিতভাবে ফিরে পেয়েছিলেন এক নম্বর জায়গাটা। কিন্তু অক্টোবরে কাঁধের অস্ত্রোপচার তাঁকে ছিটকে দেয় কোর্টের বাইরে।২০০৯ সালের মার্চে ফিরেই বিএনপি পারিবাসের দ্বৈতে হারলেন প্রথম রাউন্ডেই। চোটের কারণে নিজেকে সরিয়ে নিলেন আরও বেশ কিছু টুর্নামেন্ট থেকে। এক নম্বর থেকে একসময় নিজেকে আবিষ্কার করলেন ১২৬ নম্বরে! নিজেকে কিছুটা ফিরে পেলেন ২০০৯ সালে টোকিও ওপেনের শিরোপা জয় দিয়ে, বেশ কিছু টুর্নামেন্টের সেমিফাইনাল-ফাইনালে উঠে বছর শেষ করলেন ১৪ নম্বরে থেকে। গত বছরের প্রথম ৫ মাসে দুটি শিরোপা। এর পরই আবার দুঃসময়। ভালো যা কিছু হয়েছে, সব মাঠের বাইরে। নাইকির সঙ্গে আট বছরের চুক্তি। অক্টোবরে ফোর্বস-এর দৃষ্টিতে হলেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা মহিলা ক্রীড়াতারকা। বাগদান হলো এনবিএর তারকা শাশা ভুয়াচিচের সঙ্গে। কিন্তু কোর্টে নামলেই শুধু ব্যর্থতা। শিরোপা তো নেই-ই, বছর শেষে র্যাঙ্কিংয়ে নেমে গেলেন ১৮-তে।সুসময় ফেরানোর জন্য কোচের সংখ্যা বাড়ালেন। দীর্ঘদিনের কোচ ও বন্ধু মাইকেল জয়েসের সঙ্গে যোগ করলেন সুইডিস থমাস হোগস্টেডকে। টমি হাস ও লি নার সাবেক কোচ হোগস্টেড বুঝতে পারলেন, শারাপোভার সমস্যা যতটা না টেকনিক্যাল, তার চেয়ে বেশি মানসিক। নতুন কোচ মনোযোগ দিলেন সেদিকেই। এর পরই রোমের এই সাফল্য। সেমিফাইনালে হারিয়েছেন বিশ্বের এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকিকে, ফাইনালের জয়ে উঠে এসেছেন র্যাঙ্কিংয়ের সাতে। এবার লক্ষ্য? লাল দুর্গ জয়!ফ্রেঞ্চ ওপেন জিতলেই চারটি গ্র্যান্ড স্লাম জয়ের অসাধারণ এক কীর্তি গড়ে ফেলবেন। ক্লে কোর্টে কখনোই খুব একটা সুবিধা করতে পারেননি শারাপোভা। রোমের শিরোপা ক্লে কোর্টে মাত্র তৃতীয়। রোলাঁ গাঁরোতে সেরা সাফল্য ২০০৯ সালের কোয়ার্টার ফাইনাল। তবে অতীত এখন আর ভাবায় না শারাপোভাকে। নিজেই বলছেন, রোম থেকে জন্ম হলো নতুন শারাপোভার, ‘এই টুর্নামেন্টেও আমি ফেবারিট ছিলাম না। কিন্তু এমন কিছু খেলোয়াড়কে হারিয়েছি যারা ক্লে কোর্টে দুর্দান্ত। এটা একটা নতুন শুরু, একটা নতুন ভ্রমণ।’শারাপোভার নতুন শুরু আগ্রহভরেই দেখবে টেনিস-বিশ্ব! এএফপি, রয়টার্স।