নতুন শুরু চান ওয়াহাব-আকমল
একজনকে বাদ দেওয়া হয়েছিল কোনো যুক্তি না দেখিয়েই। আরেকজনকে যুক্তি-ব্যাখ্যা দিয়েই। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরেছেন দুজনই। ওয়াহাব রিয়াজ আর উমর আকমল এই সুযোগটাকে নিয়েছেন ক্যারিয়ারের নতুন শুরু হিসেবে। দুজনের কণ্ঠেই দলে আবার জায়গা পাকা করার প্রত্যয়।ওয়াহাব-আকমলের সঙ্গে ইংল্যান্ড সিরিজের দলে ফিরেছেন জুনাইদ খানও। চোটের কারণে বাংলাদেশ সফরে ছিলেন না ২২ বছর বয়সী বাঁহাতি পেসার। জুনাইদকে জায়গা দিতে বাদ পড়েছেন বাংলাদেশ সফরে কোনো ম্যাচ না খেলা বাঁহাতি পেসার মোহাম্মদ খলিল। বাংলাদেশে না খেলা আরেক পেসার মোহাম্মদ তালহা অবশ্য টিকে গেছেন। তবে জায়গা হারিয়েছেন শোয়েব মালিক। ম্যাচ পাতানোর সন্দেহের জন্য অনেক দিন বাইরে থাকার পর দলে ফিরে ৬ ইনিংসে মাত্র ৩৫ রান করেছেন সাবেক অধিনায়ক।গত বছর আগস্টে ওভালে ৫ উইকেট নিয়ে অভিষেক ওয়াহাবের। দ্রুতই দলে জায়গা পাকা করে নেন পারফরম্যান্স দিয়ে। জায়গা পেয়েছিলেন আইসিসির বর্ষসেরা উদীয়মানের সংক্ষিপ্ত তালিকায়ও। কিন্তু গত জিম্বাবুয়ে সফরে কোনো কারণ না দেখিয়েই বাদ দেওয়া হয় ওয়াহাবকে। গুঞ্জন ছিল, বাট-আসিফদের স্পট ফিক্সিং বিতর্কে নাম এসেছিল বলেই ওয়াহাবকে বাইরে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে ৫ ম্যাচে ৩০ উইকেট নেওয়ার পর আর উপেক্ষা করা যায়নি ২৬ বছর বয়সী বাঁহাতি পেসারকে।দলে ফিরে উচ্ছ্বসিত ওয়াহাব বলছেন, বাইরে থাকার সময়টা আরও ধারালো করেছে তাঁকে, ‘বিশ্বাস ছিল একদিন আঁধার কেটে যাবে। বিস্তারিত কিছু বলতে চাই না। ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে ফিট রেখেছি, ছন্দে আছি, ১৫০ কিমি গতিতে বোলিং করছি। নতুনভাবে শুরুর জন্য আমি প্রস্তুত।’আকমলের শুরুটা ছিল আরও চমক-জাগানিয়া। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতে ৭০ বলে সেঞ্চুরি, পরে ডানেডিনের বোলিং স্বর্গে অভিষেকে ১২৯ ও ৭৫। এর পরই পথ হারান, পরে ১৫ টেস্টেও আর সেঞ্চুরির মুখ দেখেননি। ওয়ানডেতে এখনো তিনি দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ‘বড় ইনিংস খেলার মেজাজ ও ধৈর্য নেই’ জানিয়ে বাদ দেওয়া হয় টেস্ট দল থেকে।নিজের ব্যাটিংয়ের ধরনের সঙ্গে অবশ্য এখনো আপস করতে চান না ছোট আকমল। আক্রমণাত্মক খেলেই ব্যাটিং করতে চান লম্বা সময় ধরে, ‘টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং এখন অস্বাভাবিক কিছু নয়, শেবাগ-পিটারসেনরা ওইভাবেই খেলে। আক্রমণাত্মক ব্যাটিং আমার ধরন। আক্রমণাত্মক খেলা আর লম্বা সময় ব্যাটিং করা আলাদা ব্যাপার। লম্বা সময় ব্যাটিং করা নিয়েও কাজ করছি।’ ওয়েবসাইট।পাকিস্তান টেস্ট দল: মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, তৌফিক উমর, আজহার আলী, ইউনুস খান, আসাদ শফিক, উমর আকমল, আদনান আকমল, উমর গুল, জুনাইদ খান, আইজাজ চিমা, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ তালহা, সাঈদ আজমল, আবদুর রেহমান।