নতুন শুরু পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ ইউসুফ যাঁকে বলেছিলেন ‘লিটল লেজি রানার’, সেই সালমান বাট এখন দলের কান্ডারি। ডেপুটি কামরান আকমল, ওই সফরেই দলের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলে যাঁকে দল থেকেই ছুড়ে ফেলা হয়েছিল। এই দুজনকে নিয়ে আবার একটি নতুন শুরু পাকিস্তানের। শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি ধবলধোলাই এড়ানোর লড়াই।অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের এই দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান বাট। ক্যারিয়ার গড় যেখানে ৩২.৭৫, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটা ৪৭.১৪। লর্ডসে সিরিজের প্রথম টেস্টেও পাকিস্তানের পক্ষে একমাত্র ফিফটি পেয়েছিলেন বাট। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জের শুরু আজ থেকেই। দলের ওপেনার তিনি, ২৮ টেস্ট খেলেই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানদের একজন। এখন আবার নেতৃত্বও দিতে হবে তরুণ দলটাকে। আগের টেস্টেই অভিষেক হয়েছে যে দলের দুই ব্যাটসম্যানের, যে দলের একজনেরও তিন হাজারের বেশি রান নেই, এক শর বেশি উইকেট মাত্র একজনের। এই নিয়ে টানা তিন টেস্টে টস করতে নামছেন যে দলের তিনজন অধিনায়ক!বাটের কাজটা আরও কঠিন হচ্ছে প্রতিপক্ষের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ জয়টার বয়স ১৫ বছর হতে চলল। সর্বশেষ ড্র-ও এক যুগেরও আগে। লর্ডসের হারটি অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের টানা ত্রয়োদশ হার। এই টেস্টে হারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হবে তারা টানা পাঁচটি সিরিজ। কঠিনতম লড়াই দিয়েই তাই যাত্রা শুরু হচ্ছে অধিনায়ক বাটের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থতাটা ‘জঘন্য’ পর্যায়ে চলে গেছে বলেই এতসব পরিসংখ্যানের কথা বলা হচ্ছে। না হলে সব দেশ মিলিয়েও পাকিস্তানের রেকর্ড বলার মতো নয়। সর্বশেষ ১৮ টেস্টের মাত্র একটিই জিততে পেরেছে তারা, সর্বশেষ সিরিজ জয়টা ২০০৬-এর নভেম্বরে।অধিনায়কত্বের দিক থেকে অস্ট্রেলিয়ার পরিস্থিতি আবার পুরো উল্টো। ১৯৯৫ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ জয়ের পর থেকে বাটকে নিয়ে যেখানে ১৩ বার বদল হলো পাকিস্তানের অধিনায়কত্ব, অস্ট্রেলিয়ার সেখানে বদল হয়েছে মাত্র চারবার। একটা দিক থেকে অবশ্য গত বছর দুয়েকে তারাও হয়ে উঠেছে ‘পাকিস্তান’। লর্ডসের দুজনকে নিয়ে ২০০৮ সাল থেকে মোট ১৭ জনকে উপহার দেওয়া হলো ‘ব্যাগি গ্রিন ক্যাপ’, অস্ট্রেলিয়ার জন্য যেটাকে বলা যায় অবিশ্বাস্য। ‘১৭’ সংখ্যাটা আজ হয়ে যেতে পারে ‘১৯’। ফিটনেস নিয়ে এখনো ভুগছেন মার্কাস নর্থ ও বেন হিলফেনহস। শেষ পর্যন্ত এই দুজন খেলতে না পারলে অভিষেক হয়ে যাবে উসমান খাজা ও দীর্ঘদেহী পেসার পিটার জর্জের। খাজা আবার মুখোমুখি হবেন তাঁর জন্মভূমির।লর্ডসে ১৫০ রানে জিতলেও অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং চিন্তিত দলের মূল বোলারদের নিয়ে। প্রথম টেস্টে ১১ উইকেট নিয়েছেন নর্থ ও শেন ওয়াটসন, যাঁদের মূল কাজ ব্যাটিং। পন্টিং তাই বলিঞ্জার-জনসনদের বলেছেন নিজেদের সেরাটা ঢেলে দিতে। এই একটা জায়গায় আবার এগিয়ে পাকিস্তান। তাদের পেস আক্রমণ দুর্দান্ত, লর্ডসে দলের চরম ব্যর্থতায়ও উজ্জ্বল ছিলেন পেসাররা। আমির-আসিফ-গুল একসঙ্গে পাঁচটি টেস্ট খেলেছেন, এর ৮৩ উইকেটের ৫৯টিই নিয়েছেন এই তিনজন।পাকিস্তান দলে নিশ্চিত পরিবর্তন একটিই, শহীদ আফ্রিদির জায়গায় খেলবেন শোয়েব মালিক। দানিশ কানেরিয়ার জায়গায় ভাবা হচ্ছে সাঈদ আজমলকে খেলানোর কথাও। তবে পাকিস্তানকে জিততে হলে তাদের ব্যাটসম্যানদের ছাড়িয়ে যেতে হবে নিজের সেরাটাকেও। ওয়েবসাইট।