নতুন শুরুটাও দারুণ নেইমারের
ব্রাজিলের ফুটবলে পরশু পুনরাভিষেক হয়েছে ডেকোর। অন্যরকম ‘অভিষেক’ হয়েছে পরশু নেইমারেরও। ডেকো তাঁর অভিষেকটা সেভাবে স্মরণীয় করে রাখতে না পারলেও ‘নতুন করে’ নিজের শুরুটা দারুণ করেছেন নেইমার।ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ভাস্কো দা গামার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ডেকোর ক্লাব ফ্লুমিনেন্স। বার্সেলোনা ও চেলসির সাবেক মিডফিল্ডার না পেরেছেন নিজে গোল করতে, না পেরেছেন সতীর্থদের দিয়ে গোল করাতে। তবে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়টি হয়ে গেছে নেইমারময়।নেইমারকে পেতে চেলসি অনেক কিছুই করেছে। ফাঁকা চেক না দেখালেও মোটা অঙ্কের টাকাই তারা দিতে চেয়েছিল সান্তোসকে। কিন্তু সান্তোস ও নেইমার—কোনো পক্ষই চেলসির টাকার লোভে টলেনি। নেইমার থেকে গেছেন নিজের দেশের ক্লাবে।সেই থেকে যাওয়ার পর পরশুই আবার মাঠে নামলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেমেই দেখালেন নিজের সহজাত প্রতিভার ঝলক। পেনাল্টি থেকে একটি গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর দানিলোর করা গোলটিতে রেখেছেন অবদান।এমন পারফরম্যান্স সান্তোসে নেইমার হরহামেশাই করেন। কিন্তু পরশুর ম্যাচটিতে খেলতে গিয়ে অন্যরকম এক অনুভূতিই হয়েছে তাঁর। নেইমারের কাছে নাকি মনে হয়েছে আবার নতুন করে শুরু করেছেন, ‘এটা ঠিক আরেকটা ম্যাচই ছিল। আমার ভালো খেলতে হতো। কিন্তু আমার কাছে আবার এও মনে হয়েছিল, আমি বুঝি নতুন করে শুরু করলাম।’নতুন শুরুটা ভালো হয়েছে বলে ১৮ বছর বয়সী নেইমার মহা খুশি, ‘একটি গোল আমি করেছি এবং একটি করিয়েছি। এখানে আমি ক্রমেই আদর্শ হয়ে উঠছি দেখে খুব ভালো লাগছে। সান্তোসে আমি এটাই চাই।’ডেকোর ব্যাপারটা অন্যরকম। ১৩ বছর পর দেশে ফিরেছেন। পর্তুগাল, স্পেন ও ইংল্যান্ড ঘুরে এ মৌসুমেই আবার ফিরেছেন ব্রাজিলের ফুটবলে। মারাকানা স্টেডিয়ামের প্রায় ৮০ হাজার দর্শক ‘ঘরের ছেলে’কে বরণ করে নিয়েছে হাততালি আর হর্ষধ্বনিতে।তবে পর্তুগালের নাগরিকত্ব নিয়ে পর্তুগালের জার্সি গায়ে তোলা ডেকো ব্রাজিলের ফুটবলে ফেরাটা স্মরণীয় করে রাখতে পারেননি। সুযোগ পেয়েছিলেন ফ্লুমিনেন্সকে জয় এনে দেওয়ার। তবে তাঁর দূরপাল্লার শটে ভাস্কো দা গামার গোলরক্ষক পরাস্ত হলেও চলে যায় বারের ওপর দিয়ে। রয়টার্স।