নতুন শুরুর অপেক্ষায় যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ আগের নাইরোবির সেই দিনটা খুব মনে পড়ছে তাঁর। ব্যাড-প্যাড পরে ড্রেসিংরুমে বসে আছেন। টেনশনে পা নাচাচ্ছেন। একটু বেখাপ্পা হলেও মনে মনে ভাবছেন, রাহুল দ্রাবিড় কিংবা বিনোদ কাম্বলির কেউ একজন আউট হয় না কেন? নিজের দলের ব্যাটসম্যানদের আউট হওয়ার এই প্রার্থনা করার কারণ? দ্রাবিড়-কাম্বলি মিলেই ম্যাচটা প্রায় শেষ করে দিচ্ছেন, তাঁর নামার সুযোগই মিলছে না। অথচ এটা তাঁর অভিষেক ম্যাচ!না, শেষ পর্যন্ত যুবরাজ সিংয়ের আর সেদিন ব্যাট হাতে মাঠে নামা হয়নি। তবে বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়েছিলেন। তাতে কোনো উইকেট নেই। মনে রাখার মতো কিছুই নেই। কিন্তু এত দিন পরও কি ভুলতে পেরেছেন যুবরাজ!আজ সেই দিনের রোমাঞ্চই ছুঁয়ে যাবে তাঁকে। আজ যে যুবরাজের পুনরাভিষেক!গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন। ভারতকে দীর্ঘ শিরোপা-খরা ঘুচিয়ে আরাধ্য ট্রফিটা এনে দিয়েছেন। বিশ্বকাপের পর মাত্র তিনটা টেস্ট খেলেছেন। এর পরই তাঁর শরীরে ধরা পড়ে টিউমার। প্রথমে জানানো হয়, এই টিউমার ভয়ংকর কিছু নয়। কিন্তু সত্য বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হয় না। জানানো হয় টিউমারটি ম্যালিগন্যান্ট। ক্যানসারই বাসা বেঁধেছে। সেটিও ধরা পড়েছে তৃতীয় পর্যায়ে।এরপর ক্রিকেট মাঠের লড়াকু সৈনিকটির লড়াই শুরু হয়ে যায় ক্যানসারের বিরুদ্ধে। আর সেই লড়াইয়ে দারুণভাবেই জিতে আসেন। গত জুলাই থেকে হালকা অনুশীলনও শুরু করেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানকার চিকিৎসকেরা তাঁকে ফিট ঘোষণার পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে রাখা হয়। সেটিরই প্রথমটিতে আজ ভাইজাগে (বিশাখাপত্তনম) নামছেন যুবরাজ। প্রায় ২০ মাস পর যুবরাজ আবারও ক্রিকেট মাঠে। নতুন করে অভিষেকের রোমাঞ্চ তো হবেই!সেই রোমাঞ্চ ধরা পড়ছে যুবরাজের কথাতেও, ‘বিশ্বাসই করতে পারছি না, ভারতের হয়ে আমি আবার ক্রিকেট খেলব। কয়েক মাস আগেও সিঁড়ির চারটা ধাপ পেরোতেই হাঁপিয়ে উঠতাম। এখন মাঠে নামতে আমার তর সইছে না। এটা আমার কাছে নতুন একটা জীবনের শুরু।’অনেকে মনে করেন, যুবরাজকে আরও সময় দেওয়া উচিত ছিল। যুক্তরাষ্ট্রে ক্যানসারের চিকিৎসা শেষে গত এপ্রিলে দেশে ফিরেছেন। তিনটা কেমো নিতে হয়েছিল তাঁকে। সেটার ধকল সামলে উঠতেই কয়েক দিন সময় লাগে। এরপর পুরো ফিট হতে যুবরাজকে আরেকটু সময় দিলেই ভালো হতো বলে মনে করেন হার্শা ভোগলেদের মতো কেউ কেউ। হার্শার ধারণা, ক্রিকেটীয় কারণের চেয়ে এই সিদ্ধান্তের পেছনে বড় প্রভাবক ছিল আবেগ।তবে মহেন্দ্র সিং ধোনিসহ দলের সতীর্থরা যুবরাজকে উষ্ণ অভ্যর্থনাই জানাচ্ছেন। যুবরাজের সঙ্গেই দলে ফেরা হরভজন সিং বলছেন, ‘এটাকেই বলে সত্যিকারের কামব্যাক। ইউভির চেয়ে ক্রিকেটে আর বড় কোনো প্রেরণা এখন নেই। ওর সঙ্গে একই ড্রেসিংরুমে থাকতে পারাটাও আমার জন্য সম্মানের।’ এএফপি, ওয়েবসাইট।