নতুন শুরুর অপেক্ষায় সোঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি টেনিস তারকা জো উইলফ্রিড সোঙ্গা নিজেকে দুর্ভাগা মনে করতেই পারেন। আকর্ষণীয় ব্যক্তিত্ব ও উচ্ছ্বসিত স্টাইলের টেনিস তাঁকে খেলাটির মহাতারকা বানানোর জন্য যথেষ্ট ছিল। তাঁর সমসাময়িক অনেক খেলোয়াড়ই টেনিসের জগত্ আলোকিত করেছেন নিজেদের নৈপুণ্যের বলে। রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ—এ তিনজনই কিন্তু স্বমহিমায় উজ্জ্বল।সোঙ্গাও এমন হতে পারতেন। কিন্তু, ইনজুরি সমস্যা তাঁর ক্যারিয়ারকে বারবারই হুমকির মুখে ফেলে দিয়েছে। তিনি পিছিয়ে পড়েছেন, তাঁর সমসাময়িকদের চেয়ে। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে অবাচাই খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠে গিয়েছিলেন। এরপরই ইনজুরিতে জর্জরিত তিনি। ইনজুরির দুর্ভাগ্য তাঁকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি।সম্প্রতি সোঙ্গা আবার খবরের শিরোনাম হয়েছেন, সদ্যই ফ্রেঞ্চ ওপেন জিতে আসা রাফা নাদালকে হারিয়ে। কুইন্স ক্লাবে রাফাকে হারিয়ে খুব সহজেই উঠে গিয়েছিলেন ফাইনালে। যদিও ফাইনালে আর শেষ রক্ষা হয়নি তাঁর। হেরে গিয়েছেন অ্যান্ডি মারের কাছে। তবে, নিজের সম্পর্কে একটা নতুন ধারণা কিন্তু তিনি ঠিকই রাখতে পেরেছেন। আসন্ন উইম্বলডনে যে তাঁকে গোনায় রাখতেই হচ্ছে।উইম্বলডনে কিন্তু সোঙ্গা একেবারেই অখ্যাত কেউ নন। গত তিনটি আসরেই তিনি তৃতীয় রাউন্ডে উঠেছিলেন। গতবার তো কোয়ার্টার ফাইনালে পা দিয়েছিলেন। কিন্তু হেরে যান সেই অ্যান্ডি মারের কাছেই।উইম্বলডন টেনিসকে সামনে রেখে এখনই বেশ রোমাঞ্চিত বোধ করছেন সোঙ্গা। তিনি বলেছেন, ‘উইম্বলডনে খেলাটা সব সময়ই দারুণ উচ্ছ্বাসের। আমি অতীতে ঘাসের কোর্টে খেলে আনন্দ পেয়েছি। এতে আমি ভালোও খেলতে পারি। আশা করছি, এবারের প্রতিযোগিতাটা আমার জন্য সু-সংবাদই বয়ে নিয়ে আসবে।’ তিনি মনে করছেন, টেনিসে তাঁর পুনর্জন্ম হয়েছে। বর্তমান ফর্ম নিয়েও সন্তুষ্টি ঝরে পড়েছে তাঁর কণ্ঠে।গত বছরের উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে মারের কাছে হেরে যাওয়ার পরপরই হাঁটুর এক বাজে ইনজুরিতে পড়েছিলেন সোঙ্গা। সেই ইনজুরি তাঁকে আজও ভাবিয়ে তোলে। সেই ইনজুরিই যে তাঁর অগ্রগতি থমকে দিয়েছিল।‘এবারের উইম্বলডনে নামতে পারছি কোনো প্রকার ইনজুরি ছাড়াই। ব্যাপারটি আমাকে বেশ স্বস্তি দিচ্ছে। আমি এখন যেভাবে খুশি খেলতে পারছি, কোর্টের এ মাথা থেকে ও মাথায় দৌড়াতে পারছি, লাফাতে পারছি। পুরো ব্যাপারটিই দারুণ আনন্দদায়ক। আমার মনে হয়, উইম্বলডন লড়াইয়ের জন্য আমি একেবারে তৈরি।’টেনিসভক্তরাও প্রস্তুত, নাদাল, ফেদেরার, মারে, জকোভিচের সঙ্গে নতুন সোঙ্গাকে বরণ করে নেওয়ার জন্য। ওয়েবসাইট।