নতুন শুরুর আশায় জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি সফরের আগে ধর্মগুরুর কাছে আশীর্বাদ নিতে যান শ্রীলঙ্কান ক্রিকেটাররা। সেখানেই দেখা মিলল ছবিটার: পাশাপাশি দাঁড়িয়ে তাঁরা তিনজন। বাঁয়ে কুমার সাঙ্গাকারা, মাঝে মাহেলা জয়াবর্ধনে, ডানে তিলকারত্নে দিশলান। দুই পাশে দুই সাবেকের সঙ্গে মাঝখানে বর্তমান অধিনায়ক। তিনজনই করজোড়ে প্রার্থনায় মগ্ন, তিনজনের মধ্যেই একটা যোগসূত্র তৈরি করেছে হাতে থাকা একটা সাদা সুতা।ছবিটা প্রতীকী হয়ে উঠল এ কারণে—ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে নতুন দিনের সূচনার যে শপথ শ্রীলঙ্কা নিয়েছে, সেই লক্ষ্যে সফল হতে চাইলে এভাবেই এই তিন সিনিয়র ক্রিকেটারকে গাঁথতে হবে এক সুতায়। নবযাত্রার সূচনা হচ্ছে আজই। অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে পৌঁছে গেছে জয়াবর্ধনের দল। আজ ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সিবি সিরিজের নিজেদের প্রথম ওয়ানডেতে ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা মুখোমুখি হবে ভারতের।একদিক দিয়ে নতুন যুগের সূচনা এরই মধ্যে হয়ে গেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে নতুন কমিটি। কোচ নিযুক্ত হওয়ার তিন মাসের মাথায় ছাঁটাইয়ের শিকার হয়েছেন জিওফ মার্শ, নতুন কোচ গ্রাহাম ফোর্ড দায়িত্বও নিয়ে নিয়েছেন। সরিয়ে দেওয়া হতে পারে—এমন গুঞ্জনের মুখে অধিনায়কের পদ থেকে নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন দিলশান। আবারও দায়িত্ব বর্তেছে জয়াবর্ধনের কাঁধে। নতুন বোর্ড, নতুন কোচ, নতুন অধিনায়ক।মাত্র কয়েক দিনের ভেতরে এত ওলটপালট। তবে জয়াবর্ধনের আশা, এই পরিবর্তন ইতিবাচক ফলই বয়ে আনবে তাঁর দলের জন্য, ‘মাত্র এক সপ্তাহের ব্যবধানে শ্রীলঙ্কার ক্রিকেটে অনেক কিছু ঘটে গেছে। আমরা এখন চেষ্টা করছি সবকিছু গুছিয়ে নিতে। একটা ভারসাম্যপূর্ণ দল আমাদের গড়ে তুলতে হবে, মাঠে গিয়ে নিজেদের খেলাটা উপভোগ করতে হবে। এটাই সবচেয়ে জরুরি।’ ওয়েবসাইট।