নতুন শুরুর আশায় শাহরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদের ল্যাপটপ থেকে বাসায় কিছু ভিডিও ফুটেজ নিয়ে যাওয়ার ইচ্ছা শাহরিয়ার নাফীসের; যাতে ঘরে থাকার সময়টাও কাজে লাগে। বাসায় বসে বিশ্বকাপের প্রতিপক্ষ বোলারদের বোলিং খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন।শাহরিয়ারের অবস্থা এখন একজন পরীক্ষার্থীর মতো, যাঁর দরজায় কড়া নাড়ছে এসএসসি, এইচএসসি কিংবা তার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা। এক মুহূর্ত দম ফেলার ফুরসত নেই। পারলে ‘পড়াশোনা’ করেন রাত জেগে। এই পরীক্ষা ক্রিকেট ক্যারিয়ারের, এই পরীক্ষা জীবনের।শাহরিয়ার নাফীসের ক্রিকেট ক্যারিয়ারটাকে ভাগ করে নিতে পারেন দুই ভাগে—আইসিএলে যাওয়ার আগে এবং পরে। ২০০৭ বিশ্বকাপ এবং ২০১১ বিশ্বকাপ যেহেতু দুই সময়ে আসা, দুটি বিশ্বকাপও তাঁর কাছে দুই রকমের। সহ-অধিনায়ক শাহরিয়ারের জন্য গত বিশ্বকাপে খেলাটা ছিল অবধারিত। আর চার বছর পর এবারের বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা দল ঘোষণার আগ পর্যন্তও তাঁর কাছে ছিল ‘ফিফটি-ফিফটি’ অনিশ্চয়তায় দোদুল্যমান।সেই অনিশ্চয়তা কাটিয়ে যখন বিশ্বকাপের ১৫ জনের দলে থেকে গেলেন, নতুন লক্ষ্য—বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে হবে। গতবারের ভুল এবার করা যাবে না। কারণ এবারের বিশ্বকাপ পরীক্ষাটাকে তিনি ধরে নিয়েছেন জীবনেরই একটা মোড়, সাফল্যের সঙ্গে যে মোড় পেরোনোর সঙ্গে জড়িয়ে থাকবে ভবিষ্যতের অনেক সমীকরণ।কাল অনুশীলনের আগে এসব সমীকরণের খাতাটাই খুলে দেখালেন শাহরিয়ার, ‘আমি আড়াই বছর ধরে জাতীয় দলে অনিয়মিত। এই বিশ্বকাপে ভালো খেললে হয়তো আবার নিয়মিত হব। কাজেই ২০০৭-এর ভুল আর করব না। বিশ্বকাপ থেকে একটা ফ্রেশ স্টার্ট করতে চাই।’ তা সেই ভুলগুলো কী, যেগুলো শোধরানোর মিশনে নামলেন চার বছর পর, ‘...আমি সেবার সহ-অধিনায়ক ছিলাম। নিজের ব্যাটিং-ফিল্ডিংয়ের সঙ্গে অন্য অনেক জিনিসও মাথায় রাখতে হয়েছে। পরে উপলব্ধি করেছি, বিশ্বকাপে এসবই আমার ক্ষতি করেছে। সেই অভিজ্ঞতা থেকে এবার নিজের ব্যাটিং-ফিল্ডিং আর দুর্বলতা নিয়েই বেশি ভাবব। গত কিছুদিন ব্যাটিংয়ে যে ফর্ম আছে, সেটা ধরে রাখতে চেষ্টা করব।’বিশ্বকাপ নিয়ে এই ভাবনা এসেছে দলে সুযোগ পাওয়ার পর। নইলে বিশ্বকাপ দলে থাকবেনই, সেই বিশ্বাসটা খুব জোরালো ছিল না শাহরিয়ারের। আইসিএল থেকে ফেরার পর সবকিছু নতুন করে শুরু করতে চাইলেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। বিশ্বকাপ খেলার আশা তাই বাস্তবভিত্তি পায়নি মনে, ‘জানি, বিশ্বকাপে ভালো খেললে আমার গত আড়াই বছরের গ্যাপটা পূরণ হবে। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না দলে থাকবই...।’অনিশ্চয়তা এখনো একটা আছে। ১৫ জনের দলে আছেন, কিন্তু খেলবেন কয়টা ম্যাচ! সহ-অধিনায়ক ছিলেন বলে আগের বিশ্বকাপে একাদশে থাকা নিয়েও সংশয় ছিল না। কিন্তু এবার মাঠে নামার আগে একাদশে ঢোকার যুদ্ধেও তো জয়ী হতে হবে! সেজন্য চেষ্টার কমতি নেই শাহরিয়ারের। দলের সঙ্গে লম্বা সময় নিয়ে অনুশীলনের পাশে নিজের জন্য আলাদা সময় বের করে নেওয়ার চেষ্টা করছেন। অনুশীলনে একটু আগে এসে বাড়তি নেট প্র্যাকটিস করেন। বাসায় থাকার সময়টাতেও মাথায় কেবল বিশ্বকাপই ঘোরে, ‘সারাক্ষণই এখন এই একটা চিন্তা মাথার ভেতর—বিশ্বকাপ। দু-এক দিনের মধ্যে প্রতিপক্ষ দলগুলোর বোলারদের বোলিংয়ের ভিডিও ফুটেজ নিয়ে যাব বাসায়। ঘরে থাকার সময় ওসব দেখব। এ ছাড়া টিভিতেও খেলা দেখছি।’দেশের মাটিতে বিশ্বকাপ বলে ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ থাকবে বলছেন অনেকে। শাহরিয়ারের কাছে এটা চাপ নয়, প্রেরণা, ‘চাপ মনে করলেই চাপ। নইলে দেশের মাটিতে বিশ্বকাপ, এখানকার কন্ডিশন, দর্শক—সবই আমাদের পরিচিত। এটাকে কাজে লাগাতে পারলে নিজেদের মাঠে খেলতে পারাটা বাড়তি সুবিধাও হতে পারে।’সুবিধা নেওয়া যাক বা না যাক, বাংলাদেশে বিশ্বকাপ হচ্ছে—এ ব্যাপারটাই বাঁহাতি এই ব্যাটসম্যানের কাছে অনেক বড়। তাঁর বিশ্বাস, বাংলাদেশের ক্রিকেট এই ধাক্কায় অনেক দূর এগিয়ে যাবে। আর যদি কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্যটাও পূরণ হয়, বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপটা হয়ে যেতে পারে মনে রাখার মতো ব্যাপার। শাহরিয়ারের স্বপ্ন তেমন কিছুই হবে। সাফল্যের উৎসবে দ্যুতি ছড়াবে তাঁর ‘ফ্রেশ স্টার্ট’!