নতুন শুরুর আশায় 'ফেডবার্গ'

সাবেক এক নম্বর খেলোয়াড়দের কোচ করাটা কি নিয়মই হয়ে গেল?
ইভান লেন্ডলকে কোচ করে অধরা গ্র্যান্ড স্লাম জিতেছেন অ্যান্ডি মারে। তাতে অনুপ্রাণিত হয়েই কদিন আগে আরেক কিংবদন্তি বরিস বেকারকে কোচ করেছেন নোভাক জোকোভিচ। রজার ফেদেরার বাদ থাকবেন কেন? সুইস তারকাও হাঁটলেন মারে-জোকোভিচের দেখানো পথে। সুইডেনের সাবেক এক নম্বর খেলোয়াড় স্টেফান এডবার্গকে কোচ করেছেন ফেদেরার।
পরশু খবরটি দিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার নিজেই, ‘মেলবোর্নে এসে প্রথমেই আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, সেভেরিন লুথির সঙ্গে আমার কোচিং দলে যোগ দিচ্ছেন স্টেফান এডবার্গ।’ ৬টি গ্র্যান্ড স্লামজয়ী এডবার্গই ফেদেরারের শৈশবের নায়ক। তাঁকে কোচ করে ফেদেরার আসলে নিন্দুকদের প্রতি একটা বার্তা পাঠালেন—যত যা-ই বলা হোক, অবসরের ভাবনা তাঁর মাথায়ই নেই। দুঃসময়কে পেছনে ফেলে তিনি বরং শিগগিরই পুরোনো রূপে ফিরতে উদগ্রিব, ‘স্টেফান আমার ছোটবেলার হিরো। তার সঙ্গে আমি কিছু দুর্দান্ত সময় কাটাতে চাই এবং শিখতে চাই।’
ফেদেরারের মতো গ্রেট খেলোয়াড়ের কোচ হতে পেরে ৪৭ বছর বয়সী এডবার্গও উচ্ছ্বসিত, ‘আমি সত্যিই রজারের কোচিং দলের অংশ হতে পেরে রোমাঞ্চিত। আশা করি, আমরা একসঙ্গে কাজ করে তার থেকে সেরা টেনিসটা বের করে আনতে পারব।’ ফেদেরারের সঙ্গে জুটি বেঁধে এডবার্গ কাজ করবেন ১০ সপ্তাহ।
চোট আর বাজে ফর্ম মিলিয়ে ২০১৩ সালটা একেবারেই বাজে কেটেছে ফেদেরারের। একটি মাত্র শিরোপা জিতেছেন। ২০০২ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পারেননি। দুঃসময়কে পেছনে ফেলে নতুন বছরে নতুন করে শুরু করতে কতটা মরিয়া তার প্রমাণ, ১৬ বছরের ক্যারিয়ারে এই প্রথম খেলতে যাচ্ছেন বছর শুরুর টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনালে! লক্ষ্য বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়া ওপেনের আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করা। এটাই হয়তো তাঁর শেষ অস্ট্রেলিয়ান ওপেন। ২০১৪ সালেই ফেদেরার বিদায় বলে দিতে পারেন বলেই আভাস। সম্ভাব্য বিদায়ী বছরটায় ফেদেরার কোর্টে কাটাতে চান দারুণভাবে। ৩২ বছর বয়সী সুইস তারকার দাবি, গত মৌসুমের তুলনায় তিনি এখন অনেক ফিট ও আত্মবিশ্বাসী, ‘যতটা ভেবেছিলাম, আমি তার চেয়ে ভালো খেলেছি। এটা আমাকে অনুপ্রাণিত করছে।’ এএফপি।