নতুন সভাপতির খোঁজে দাবা
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি এন শ্রীনিবাসন সে দেশের দাবা ফেডারেশনেরও সভাপতি ছিলেন। এক দশকেরও বেশি সময় দায়িত্বে থাকার সময় ভারতীয় দাবায় সোনালি সময় শুরু। তেমন সভাপতি না হোক, মোটামুটি সক্রিয় একজন সভাপতি প্রত্যাশা করছে বাংলাদেশ দাবা ফেডারেশন।
একসময় দাবা ফেডারেশনের সভাপতি হতেন অর্থ ও পরিকল্পনাসচিব। গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার ও কাজী মোতাহার হোসেন দাবা টুর্নামেন্টে তাঁরা সহযোগিতার হাত বাড়াতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সক্রিয় এবং সময় দিতে পারেন এমন সভাপতি পায়নি দাবা। ২০১০ সালে দাবা ফেডারেশনের সভাপতির দায়িত্ব পান সে সময়ের মন্ত্রী জি এম কাদের। এ ধরনের বাড়তি দায়িত্ব আসলে মন্ত্রী-সাংসদ পর্যায়ের ব্যাক্তিদের জন্য অনেক সময় বোঝা।
বড় কারণ, সময় দিতে পারেন না। অনেক ফেডারেশনের সভাপতি খুব একটা আগ্রহও দেখান না ব্যাপারটা নিয়ে। বাংলাদেশের ক্রীড়া ফেডারেশন সভাপতির পদটা আসলে এক ধরনের আলংকারিক হয়ে পড়েছে। তবে সভাপতির কাছে ফেডারেশের চাওয়া আসলে বেশি কিছু নয়। স্পনসর এনে দিলেই সবাই খুশি।
কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেন না বেশির ভাগ সভাপতিই। জি এম কাদের তো অনেক দিন থেকেই দাবা ফেডারেশনের সভাপতির পদ ছেড়ে দেওয়ার কথাও বলে আসছিলেন ঘনিষ্ঠজনদের। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক কাল সেটিই বললেন, ‘আমাদের সভাপতি মহোদয় অনেক দিন থেকেই দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন। আমরা নতুন সভাপতির খোঁজ করছি। এরই মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে অনুরোধ করেছি সভাপতির দায়িত্ব নিতে। কিন্তু তিনি এই মুহূর্তে এমন দায়িত্ব নিতে আগ্রহী নন।’
দাবার সংকটময় সময়ে কে নেবেন সভাপতির দায়িত্ব?