নতুন স্বপ্ন দেখাচ্ছে ক্রিকেট
লাল-সবুজ-কালো রঙের পুরোদস্তুর ক্রিকেটীয় পোশাক পরে মাঠে নামা দলটিকে দেখে অনুমান করার উপায় নেই, এই দলের ক্রিকেটারদেরই শারীরিক কোনো দুর্বলতা আছে। চোখ জুড়ানো কভার ড্রাইভ বা দুর্দান্ত পুল দেখে বোঝার উপায় নেই, মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছেন তাঁরা। অথচ সেটাই সত্যি!ল্যান্ড মাইন আর ট্যাংক-বিধ্বংসী মাইন গত কয়েক বছরে প্রায় ২ লাখ আফগানকে পঙ্গু করে দিয়েছে। যুদ্ধ শেষে এখন আবার উঠে দাঁড়াতে শুরু করেছে সেই মানুষগুলো। আহত শরীরে খেলছে ক্রিকেটও!গত পরশু ‘আন্তর্জাতিক মাইন সচেতনতা ও মাইন অ্যাকশন সহযোগিতা দিবস’ উপলক্ষে কাবুলে একটা ছয় ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। এখানে আফগান শারীরিক প্রতিবন্ধীদের সঙ্গে খেলেছেন ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান ও ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা। খেলেছে আফগানিস্তান সেনাবাহিনীর একটি দলও। ছয় ওভারের এই খেলায় আফগানরা বুঝিয়ে দিয়েছে মাইন তাদের জীবন থেকে অঙ্গপ্রত্যঙ্গ কেড়ে নিলেও পঙ্গু করে দিতে পারেনি।জালালাবাদে মাইনে আহতদের একটি সংগঠনের কাছে ক্রিকেট প্রশিক্ষণ পাওয়া মোহাম্মদ ইউনিস বলছিলেন সে কথাই, ‘আমরা দেখিয়ে দিতে চাই, আমরা স্বাভাবিক লোকেদের মতোই। আমরা খেলাধুলাসহ যেকোনো সামাজিক কাজে অংশ নিতে পারি। আমাদের সম্পৃক্ততা নিয়ে কেউ যেন বিব্রত না হয়।’ জালালাবাদে ইউনিসদের প্রশিক্ষণকেন্দ্রের নাম ‘আফগান ডিসেবলড অ্যান্ড ভালনারেবল সোসাইটি’ (এডিভিএস)। এই কেন্দ্রে আফগানিস্তানের শত শত বোমাহত মানুষকে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি দক্ষ করে তোলা হয় খেলাধুলায়ও।শুধু ২০০৯ সালেই আফগানিস্তানে ৫০ হাজারের বেশি মানববিধ্বংসী মাইন, সাত শ ট্যাংক-বিধ্বংসী মাইন এবং ১০ লাখেরও বেশি অন্যান্য তাজা বিস্ফোরক নষ্ট করা হয়েছে। প্রতি মাসে এই দেশটিতে অন্তত ৪০ জন লোক ফেলে যাওয়া মাইনে প্রাণ দেন। পঙ্গুত্ব বরণ করে অজস্র মানুষ। আর এসবের বিরুদ্ধেই এবার লড়বে ক্রিকেট।এমনিতে ক্রিকেট খেলাটা আফগানিস্তানে তেমন জনপ্রিয় নয়। ক্রিকেট আফগানরা শিখেছে পাকিস্তানি উদ্বাস্তু শিবিরে থাকার সময়। এর পর থেকেই দৃশ্যপট বদলে যেতে শুরু করে। বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তান জাতীয় দলের পারফরম্যান্স এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সুযোগ পাওয়া রাতারাতি খেলাটাকে জনপ্রিয় করে তুলেছে।পঙ্গুত্ব ভুলে সমাজের আর ১০ জনের একজন হয়ে ওঠার লড়াইটাও এবার ক্রিকেট দিয়েই লড়তে চান ইউনিস-রসুলরা। ১৯ বছর বয়সী রসুল খানের একটা পা নেই। কিন্তু এই পায়ের অভাবে তিনি বসে থাকতে রাজি নন। রসুল ক্রিকেটের পাশাপাশি তায়কোয়ান্দোও খেলছেন। তাঁর দাবি, পায়ের অভাবটা এখন আর কেউ বুঝতেই পারে না, ‘একটা মাইনের আঘাতে আমার ডান পা হাঁটুর নিচ থেকে কাটা পড়েছে। কিন্তু কেউ বুঝতে পারে না যে, আমি প্রতিবন্ধী। আমি জোরে দৌড়াতে পারি। এখন তায়কোয়ান্দোও খেলছি।’ এএফপি।