নতুন 'উপদ্রব' নেইমার

এক মেসির কারণেই জীবন কঠিন হয়ে গেছে। তার ওপর এসেছেন নেইমার! বার্সেলোনাকে নিয়ে প্রতিপক্ষের ভয় তো আগেই ছিল। এবার সেই ভয় যেন রূপ নিয়েছে আতঙ্কে। অন্তত মালাগার নতুন কোচ বার্নড শুস্টার তা-ই বলছেন। মেসি-নেইমার মিলে আসছে মৌসুমে সব প্রতিপক্ষের জীবন অতিষ্ঠ করে তুলবেন বলে বিশ্বাস তাঁর। ম্যানুয়েল পেলেগ্রিনি ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ার পর মালাগার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বার্নড শুস্টার। নিজের দল নিয়ে নানা পরিকল্পনার ফাঁকে জার্মান এই কোচ ছক আঁটছেন প্রতিপক্ষদের নিয়েও। ভাবনাটা সবচেয়ে বেশি অবশ্যই বার্সেলোনাকে নিয়ে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের প্রতিভা নিয়ে সন্দেহ নেই বলেই তাঁর বার্সেলোনায় যোগ দেওয়াটা প্রতিপক্ষ হিসেবে ভালোভাবে নিতে পারছেন না মালাগা কোচ, ‘মেসির মতো সেও বার্সেলোনাকে অনেক কিছু দেবে। ওরা অনেক কিছু জিতবে আর আমাদের কাজটা জটিল করে তুলবে। আরেক নতুন উপদ্রব তৈরি হলো আমাদের জীবন অতিষ্ঠ করে তোলার জন্য।’ যাঁকে নিয়ে শুস্টারের এত ভাবনা সেই নেইমারের বার্সার হয়ে মাঠে নামতে দেরি নেই খুব একটা। ৭ ও ১১ নম্বর জার্সির মধ্যে একটা বেছে নিতে বলা হয়েছিল। নেইমার পছন্দ করেছেন ১১ নম্বর জার্সি। ওয়েবসাইট।