নতুন 'জিদান' ইসকো

এখনই তুলনাটা বাড়াবাড়ি হয়ে যাবে। তবে ইসকো যেমন খেলছেন, তাতে তাঁর মধ্যে অনেকেই দেখতে পাচ্ছেন জিনেদিন জিদানের ছায়া। অন্য কেউ নয়, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিই মনে করেন এমন!
মালাগা থেকে ৩ কোটি ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে এসেছেন এই মৌসুমে। কেন তাঁকে নিজের প্রজন্মের অন্যতম সেরা বলা হয়, সেটাও দেখিয়ে চলছেন ইসকো। লা লিগায় পাঁচ ম্যাচে করে ফেলেছেন ৪ গোল। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর গোলও তাঁর চেয়ে বেশি নয়! রিয়ালের মতো দলে শুরু থেকেই খেলছেন প্রথম একাদশে। এত সব তারার ভিড়েও নিজেকে চিনিয়ে যাচ্ছেন আলাদা করে। মেসুত ওজিলের বিদায়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেটা পূরণে এখন পর্যন্ত ইসকোকে সফল বলতেই হবে। কোচ আনচেলত্তি পর্যন্ত গত পরশু সংবাদ সম্মেলনে বলতে বাধ্য হলেন, ‘কয়েকটা ম্যাচের পরই ইসকোর সঙ্গে জিদানের তুলনা করাটা বাড়াবাড়ি নয়। মানসিকতা ও সামর্থ্যে দুজনের মধ্যে অনেক মিল।’

তা জিদান নিজেই এখন রিয়াল মাদ্রিদের সহকারী কোচ। ইসকোকে খুব কাছ থেকে দেখেছেনই। ফরাসি গ্রেটের ভাবনাটা কী? সেটিও জানিয়েছেন আনচেলত্তিই, ‘আমি জানতে চেয়েছিলাম (ইসকো তার চেয়ে ভালো কিনা)। জিদান বলেছে, এখনো নয়, তবে ভবিষ্যতে খুব কাছাকাছি আসতে পারে।’
রিয়াল কি আরেকজন ‘জিদান’ তবে পেয়েই গেল! রয়টার্স।