নতুন ‘মুলার’ এবং তেভেজ
গায়ের জার্সি, নামের শেষ অংশ—নজর কাড়ার জন্য এই দুটিই যথেষ্ট। নামের শেষে মুলার আর জার্সি নম্বর ১৩ মানেই তো ওই একজন—জার্ড মুলার। কিংবদন্তি স্ট্রাইকার, আন্তর্জাতিক ফুটবলে ও বিশ্বকাপে দেশের সর্বোচ্চ গোলদাতা। জার্মানির মুলার বলতে সবাই ওই একজনকেই বোঝেন। তবে সে সময় বুঝি ফুরোলো, আরেক মুলার যে এসে গেছেন! শুধু নামে বা জার্সি নম্বরেই নন, মাত্র ৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে টমাস মুলার পারফরম্যান্স দিয়েই বুঝিয়ে দিয়েছেন ‘বিখ্যাত’ মুলারের মতো বিখ্যাত হওয়ার প্রতিভা তাঁর আছে।শুধু জার্সির কথা বললে অবশ্য জার্ড মুলারের আগে চলে আসেন আরেকজন। জার্ড জার্মানির জার্সি গায়ে সর্বশেষ নেমেছেন ৩৬ বছর আগে। এই জার্মানির কাছে ‘১৩ নম্বর’ মানে শুধুই মাইকেল বালাক। ইনজুরিতে জার্মান অধিনায়ক বিশ্বকাপের বাইরে চলে যাওয়ার পর ১৩ নম্বর জার্সিটা জোয়াকিম লো দিলেন মুলারকে। হয়তো এই বার্তাটা দিতে, ‘মান রাখতে হবে এই জার্সির, পূরণ করতে হবে বালাকের অভাব।’ বিশ্বকাপে জার্মানির চারটি ম্যাচই যাঁরা দেখেছেন, তাঁদের নিশ্চয়ই বলে দিতে হবে না, মুলার সেটা কতটা পেরেছেন।বায়ার্ন মিউনিখের যুব প্রকল্পের ‘পণ্য’ এক মৌসুম আগেও খেলতেন ক্লাবের দ্বিতীয় দলে। সেই দলের হয়ে খেলার সময়ই চোখে পড়েন ক্লাবের মূল দলের কোচ লুই ফন গলের। গত বছরের ফেব্রুয়ারিতে পান প্রথম পেশাদারি চুক্তি। আগের মৌসুমে ছাড়া ছাড়াভাবে কয়েকটি ম্যাচ খেললেও সেরা একাদশে সুযোগ পান সদ্যশেষ মৌসুমে। সুযোগটাকে এমনভাবেই লুফে নিলেন যে প্রথম মৌসুমেই হয়ে উঠলেন ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ, খেলে ফেললেন ৫২ ম্যাচ। ক্লাবকে জেতালেন লিগ ও কাপের ডাবল, চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ। নজর কাড়লেন জোয়াকিম লোরও, ২০ বছর বয়সেই তাই ডাক পেলেন জাতীয় দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচটি ছিল মুলারের মাত্র তৃতীয় ম্যাচ। ওই ম্যাচে সেরা হয়েছিলেন লুকাস পোডলস্কি, কিন্তু অনেকের মতেই সেরা ছিলেন মুলার। একটি গোল করেছিলেন, আরেকটি করিয়েছেন পোডলস্কিকে দিয়ে। মাঝখানে একটি ম্যাচ খুব ভালো না গেলেও ভালো খেলেছেন আবার পরের ম্যাচেই। তবে সেরাটা দেখালেন পরশু। একটি গোল করিয়েছেন, এরপর ৩ মিনিটের মধ্যে দুই গোল করে নিশ্চিত করেছেন দলের জয়। বিশ্বকাপে মুলারের যা পারফরম্যান্স কে বলবে জার্মানির এই দলের সবচেয়ে কম বয়সী ফুটবলার তিনি!বিশ্বকাপের আগে সেরা একাদশেই নিশ্চিত ছিলেন না কার্লোস তেভেজ। ডিয়েগো ম্যারাডোনা দলের কৌশল বদলে ফেলায় সুযোগ পেয়ে যান। খেলেছেনও দুর্দান্ত। তবে গোল না পাওয়ায় সেভাবে আলোচনায় আসতে পারেননি। অবশেষে পরশু দলের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তেই করলেন দু গোল, হলেন ম্যাচ-সেরা। হয়তো এই বার্তাও দিলেন, আরও আসছে!