নতুন ‘সাঙ্গাকারা’ সব দিক দিয়েই তৈরি
টেস্ট অভিষেক নিয়ে লাল-নীল কত রঙের স্বপ্নই না ভেসে বেড়ায় একজন ক্রিকেটারের মনে! অনুভূতিটাই রঙিন। সবকিছু নতুন নতুন লাগে। এনামুল হকেরও লেগেছে, ‘ঠিক বলে বোঝাতে পারব না। পেসার-অফ স্পিনার-বাঁহাতি স্পিনার—আগেও তো এদের খেলেছি। কিন্তু এখানে সবকিছু নতুন নতুন লাগে।’এই টেস্টে বাংলাদেশের দুই অভিষিক্তের একজন মমিনুলের অভিষেক ইনিংসটি এখনো অনন্ত সম্ভাবনা নিয়ে বেঁচে আছে। এনামুলের অভিষেক ইনিংস শেষ। রান মাত্র ১৩। তবে উইকেটে ছিলেন দেড় ঘণ্টা। এত দিন যা খেলেছেন, তার সঙ্গে টেস্ট ক্রিকেটের মূল যে পার্থক্যটা তাঁর সবচেয়ে বেশি চোখে পড়েছে, সেটি হলো ‘বাজে বল এখানে খুব কম পাওয়া যায়।’সবকিছু নতুন নতুন লাগার অভিজ্ঞতার সঙ্গে যখন একটু মানিয়ে নিয়েছেন বলে মনে হচ্ছিল, তখনই আউট। হতাশাটা মাঠেই প্রকাশ করে এসেছেন। দিন শেষে অবশ্য তাকাতে চাইলেন সামনের দিকে, ‘টেস্ট অভিষেকে বড় কিছু করার স্বপ্ন তো থাকেই। প্রথম ইনিংসে পারিনি, তবে দ্বিতীয় ইনিংস তো এখনো আছে।’সেই দ্বিতীয় ইনিংসের পর বোঝা যাবে, অভিষেক টেস্ট কী স্মৃতি নিয়ে বেঁচে থাকবে এনামুলের মনে। কিতুরুয়ান ভিতানাগের কী মনে থাকবে—সেটি অবশ্য এখনই মোটামুটি বলে দেওয়া যায়। অপেক্ষা আর অপেক্ষা! প্যাড পরে কয়েক ঘণ্টা বসে বসে সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। যে অপেক্ষার আর শেষ হয়নি। এই টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস দেখার সম্ভাবনা আর বাংলাদেশে হরতাল উঠে যাওয়ার সম্ভাবনা প্রায় সমান। অভিষেক টেস্ট কি তাহলে ভিতানাগের জন্য শুধু ফিল্ডিং করার স্মৃতিই হয়ে থাকবে?পরের টেস্টেও নিশ্চয়ই সুযোগ পাবেন। ভিতানাগের জ্যাক ম্যাকব্রায়ান হয়ে যাওয়ার ভয় হয়তো তাই নেই। টেস্ট ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা ক্রিকেটার এই জ্যাক ম্যাকব্রায়ান। ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে অভিষেক এই ইংলিশ ব্যাটসম্যানের। ক্যারিয়ার রেকর্ডটা কি জানেন? শুধু টেস্টের ঘরে ‘১’, রান-উইকেট-ক্যাচ বাকি সব ঘরে ‘শূন্য’!তিন দিনের ওই টেস্টের প্রথম দিন ব্যাটিং করেছিল দক্ষিণ আফ্রিকা। পরের দুই দিন ভাসিয়ে নিয়ে যায় বৃষ্টি। বোলিং করেননি, কোনো ক্যাচও নেননি, শুধু এক দিন ফিল্ডিং করাটাই তাই ম্যাকব্রায়ানের অভিষেক টেস্টের একমাত্র স্মৃতি হয়ে থাকে। এর পর আর কখনো সুযোগ পাননি বলে টেস্ট ক্যারিয়ারের একমাত্র স্মৃতিও!ভিতানাগের ভাগ্যে তেমন কিছু না ঘটলেও বাংলাদেশকে তিনি চিরদিনই মনে রাখবেন। অভিষেক টেস্ট যা-ই উপহার দিক না কেন, সেটি কি আর ভোলা যায়! বাংলাদেশকে মনে রাখবেন লাহিরু থিরিমান্নে ও দীনেশ চান্ডিমালও। অভিষেকের মতো প্রথম টেস্ট সেঞ্চুরিও যে মনের মণিকোঠায় ফ্রেমে বাঁধানো এক ছবি হয়ে থাকে।জয়াবর্ধনে-সাঙ্গাকারা উত্তর শ্রীলঙ্কান মিডল-অর্ডারের ভবিষ্যৎ মনে করা হচ্ছে এই দুজনকে। বয়সভিত্তিক ক্রিকেটে দুজনই অবশ্য ছিলেন ওপেনার। শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে উদ্বোধনী জুটিও। থিরিমান্নের টেস্ট ক্যারিয়ারও শুরু ওপেনার হিসেবেই। সেখানে ব্যর্থতার পর মিডল-অর্ডারে এসে বুঝিয়ে দিলেন, কেন অরবিন্দ ডি সিলভা তাঁর মধ্যে শ্রীলঙ্কার পরবর্তী ব্যাটিং গ্রেটের ছবি দেখেন। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে প্রথমে তাঁকে রাখা হয়নি। এক স্কুল ম্যাচে থিরিমান্নের ব্যাটিং দেখে সেই দলের ব্যাটিং কোচ অরবিন্দ ডি সিলভা এমনই মুগ্ধ হয়ে যান, নির্বাচকদের বলে-কয়ে থিরিমান্নেকে দলে ঢোকান।টেস্ট অভিষেক হয়েছিল চোট পেয়ে দিলশান ছিটকে পড়েছিলেন বলে। টেস্ট দলে নিজেকে প্রতিষ্ঠিত করাও এমনই হঠাৎ পাওয়া এক সুযোগে। বাঁহাতি ও ব্যাটিংয়ে মিলের কারণে শ্রীলঙ্কায় অনেকেই তাঁকে ‘নতুন সাঙ্গাকারা’ বলে ডাকে। গত ডিসেম্বরে মেলবোর্ন টেস্টে সেই সাঙ্গাকারার আঙুল ভেঙে যাওয়াই সুযোগ করে দেয় থিরিমান্নেকে। শ্রীলঙ্কা থেকে উড়ে যাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে সিডনি টেস্টে খেলতে নেমে ৯১ রানের দারুণ এক ইনিংস। সেই আত্মবিশ্বাস অনূদিত হয় কদিন পর অ্যাডিলেডে ওয়ানডে সেঞ্চুরিতে। প্রথম টেস্ট সেঞ্চুরির আলাদা রোমাঞ্চের কথা মনে রেখেও থিরিমান্নে এগিয়ে রাখেন সিডনির ওই ৯১-কেই, ‘ওখানে চ্যালেঞ্জটা ছিল আরও বড়।’ছাত্র হিসেবে খুব মেধাবী, খেলার মতোই পড়ার নেশা। প্র্যাকটিসে আসার সময়ও হাতে কোনো না কোনো একটা বই থাকে। তার মানে ‘নতুন সাঙ্গাকারা’ হওয়ার সব উপাদানই মজুত এই তরুণের মধ্যে!