নতুনত্বের অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনে নতুনত্ব অনুশীলন হচ্ছে ক্রিকেটারদের চার ভাগে ভাগ করে একজন ব্যাটসম্যান ব্যাটিং প্র্যাকটিস করছেন দুই-আড়াই ঘণ্টা নতুন দুটি বোলিং মেশিন যোগ হওয়ায় ব্যাটিং প্র্যাকটিস পেয়েছে নতুন মাত্রা বোলারদের বেশি সময় দিচ্ছেন সিডন্সএকসঙ্গে অনেক নতুন যোগ হলো বাংলাদেশ দলের অনুশীলনে। নতুন ফিল্ডিং কোচ, দুটি নতুন বোলিং মেশিন, সবচেয়ে উল্লেখযোগ্য অনুশীলনের নতুন ধরন।প্রাথমিক দলের ২৬ ক্রিকেটারকে চার ভাগে ভাগ করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল থেকে শুরু হয়েছে নিউজিল্যান্ড সিরিজের অনুশীলন। একদল ইনডোরে ব্যাটিং প্র্যাকটিস করছে তো আরেক দল বাইরের নেটে ব্যস্ত বোলিং প্র্যাকটিসে। বাকি দুই দল হয়তো পালা করে করল ফিটনেস ট্রেনিং আর ফিল্ডিং প্র্যাকটিস। আলাদা আলাদা দল করে এ রকম প্র্যাকটিস আগেও হয়েছে। তবে এবার পুরোনো এই কৌশলটার ভেতরই লুকিয়ে থাকছে অনেক নতুনত্ব।সময়ের অভাবে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আগে টানা ২০-২৫ মিনিটের বেশি ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ পেতেন না। আর এখন একেকজন ব্যাটসম্যান নেটে ব্যাটিং করছেন টানা দুই-আড়াই ঘণ্টা। প্রথম দিনের অনুশীলন শেষে তামিম ইকবাল স্বাগতই জানালেন একে, ‘জেমি সিডন্সের অধীনে যত দিন প্র্যাকটিস করেছি, এ রকম প্র্যাকটিস আগে হয়নি। ব্যাটসম্যানদের জন্য লম্বা সেশন থাকছে এবার, প্রায় দুই-আড়াই ঘণ্টা ব্যাটিং করছি। ব্যাটিংটা একটু ক্লান্তিকর হলেও এতে বাড়তি পরিশ্রম তেমন একটা হচ্ছে না। একজন ব্যাটসম্যান যত বেশি সময় ধরে ব্যাটিং করবে ততই তার উন্নতি হবে।’সিডন্স সব সময়ই চেয়েছেন আলাদা আলাদা করে খেলোয়াড়দের নিয়ে কাজ করতে। কিন্তু সিরিজ বা টুর্নামেন্টের আগে যে সময় পাওয়া যায়, সেটা অনুশীলনের জন্য যথেষ্ট নয়। এবার সিরিজের প্রায় দেড় মাস আগে অনুশীলন শুরু হওয়ায় ইচ্ছাটা পূরণ করতে পারছেন বাংলাদেশের অস্ট্রেলীয় কোচ। ব্যাটিং প্র্যাকটিসে এই ইচ্ছা পূরণে সাহায্য করছে ইংল্যান্ড থেকে আনা দুটি নতুন বোলিং মেশিন। ‘ইনডোরে এখন তিনটা বোলিং মেশিন। তিন জায়গায় তিন রকম কাজ হচ্ছে—একটায় পুল, স্লগ। আরেকটায় সুইপ, রিভার্স সুইপ। আর অন্যটায় ব্যাটসম্যানের ইচ্ছামতো। আরেকটা বোলিং মেশিনে সেন্টার উইকেটে হিটিং প্র্যাকটিস ছিল। এভাবে এক মাস প্র্যাকটিস করলে আশা করি নিউজিল্যান্ড সিরিজে খুব ভালো খেলব’—পড়ন্ত বিকেলে অনুশীলন ক্লান্ত শরীরেও তৃপ্তি নিয়ে বলছিলেন তামিম।অনুশীলনের ধরনে নতুনত্ব আছে আরও। কাল একটু সকাল-সকাল মাঠে এসে কিউরেটর বদিউল আলমকে নিয়ে ইনডোরের বাইরের একটি উইকেটকে মনের মতো সাজিয়েছেন সিডন্স। মনের মতো সাজানো তো আসলে নয়, একটা উইকেট বেছে নিয়ে তাতে সাদা রং দিয়ে দুই রকমের দাগ এঁকেছেন কোচ। একটা দাগ বোঝাচ্ছে পেস বোলিংয়ের গতিপথ, আরেকটা স্পিন বোলিংয়ের। নেটে স্পট বোলিংয়ের জন্য এটিকে নিখুঁত পদ্ধতি মনে করছেন সিডন্স।ব্যাটিং-বোলিং প্র্যাকটিসেই এত নতুনত্ব, ফিল্ডিংয়ে তো কোচই নতুন! সবচেয়ে বেশি নতুনত্বও এখানেই থাকার কথা। না, প্রথম দিনের অনুশীলনে নতুন-পুরোনো দুটিরই মিশেল রাখলেন ইংলিশ ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ভাষায়, ‘ক্যাচ প্র্যাকটিস আমরা সব সময়ই করি। তবে এই কোচ চেষ্টা করছেন একটা ক্যাচ যাতে আরও কত সহজে নিতে পারি। এ ছাড়া আরও কিছু নতুন টেকনিক্যাল ব্যাপার আছে। তবে তার করানো অনেক প্র্যাকটিস আমরা আগেও করেছি।’ প্রথম দিনের অভিজ্ঞতায় নতুন ফিল্ডিং কোচকে অনেক বেশি পেশাদার মনে হচ্ছে মাশরাফির কাছে, ‘অনেক বেশি পেশাদার কোচ। প্রতি সেশনে ৪৫ মিনিট করে প্র্যাকটিস করিয়েছে। দলের জন্য ভালো হবে বলেই মনে হলো। তবে ও আরও অনেক বেশি কাজ করাবে, এটা মাত্র শুরু।’ মাঠের বাইরে থেকে দেখে ফাউন্টেনের ফিল্ডিং প্র্যাকটিসকে অনেক কঠিন মনে হলেও মাশরাফি স্বাভাবিক বলছেন এটাকেই, ‘ফিল্ডিংটা তো হার্ড ওয়ার্কই। কোচ যদি হার্ড ওয়ার্ক করায়ও আমার মনে হয় এটা নরমাল ব্যাপারই।’দু-একটা ম্যাচে হঠাৎ ভালো হয়ে গেলেও ফিল্ডিং অনেক দিন থেকেই খারাপ হচ্ছে বাংলাদেশ দলের। তবে মাশরাফি আশাবাদী, দ্রুতই ফিল্ডিংয়ে উন্নতি এনে সেটার ফলাফল পাওয়া যাবে নিউজিল্যান্ড সিরিজে। ‘ক্রিকেটে একটা জিনিসই খুব তাড়াতাড়ি উন্নতি করা যায়, সেটা হচ্ছে ফিল্ডিং’—বলেছেন অধিনায়ক।