নতুনত্বের জাতীয় লিগ শুরু আজ
বিদেশি খেলোয়াড় আছে, আছে ‘আইকন’ খেলোয়াড়। পুরস্কারের টাকার অঙ্কের সঙ্গে বেড়ে গেছে মোট বাজেটও। সব মিলিয়ে আজ শুরু ৬ কোটি ৫ লাখ টাকা বাজেটের ১৩তম জাতীয় লিগটা হবে আগের আসরগুলোর চেয়ে অনেকটাই ভিন্ন মোড়কে।এবারের জাতীয় লিগ নতুন একটা ধারণারও জন্ম দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। যে দেশে ভালো ক্রিকেটারের এত অভাব, সেই দেশেই কি না খুঁজে পাওয়া গেছে ৩২ ‘আইকন’ ক্রিকেটার! শব্দটার অবমাননাই হয়েছে এতে। যা হোক, নির্বাচকদের ঠিক করে দেওয়া এই ৩২ খেলোয়াড় থেকে প্রতি দলে খেলবেন সর্বোচ্চ ৪ জন। রাজশাহী বিভাগে আইকন খেলোয়াড় জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, সাকলায়েন সজীব ও মুশফিকুর রহিম। চট্টগ্রাম বিভাগে তামিম ইকবাল, রুবেল হোসেন, নাজিমউদ্দিন ও নূর হোসেন। সিলেট বিভাগে অলক কাপালি, নাজমুল হোসেন, রবিউল ইসলাম ও নাদিফ চৌধুরী। ঢাকা বিভাগে মাহমুদউল্লাহ, শাহাদাত হোসেন, রকিবুল হাসান ও শুভাগত হোম চৌধুরী। ঢাকা মহানগরে ইলিয়াস সানি, মোহাম্মদ আশরাফুল, শামসুর রহমান ও মেহরাব হোসেন জুনিয়র। বরিশালে শাহরিয়ার নাফীস, কামরুল ইসলাম (রাব্বী), নাসিরউদ্দিন ফারুক ও সৈয়দ রাসেল। খুলনায় সাকিব আল হাসান, ইমরুল কায়েস, আবদুর রাজ্জাক ও সগীর হোসেন। আর রংপুরে নাঈম ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, নাসির হোসেন ও শফিউল ইসলাম।জাতীয় লিগের দলগুলো এবার চাইলে খেলাতে পারবে একজন করে বিদেশি খেলোয়াড়ও, নাম নিবন্ধন করানো যাবে সর্বোচ্চ তিনজনের। জাতীয় লিগ নিয়ে বিসিবির পরিকল্পনাহীনতার এটাও একটা উদাহরণ। বলা নেই কওয়া নেই, হুট করে লিগ শুরুর ১০-১২ দিন আগে বিদেশি খেলোয়াড় খেলানোর সিদ্ধান্ত! ফলাফল যা হওয়ার তা-ই। লিগের শুরুতেই দেখা যাচ্ছে না কোনো বিদেশি খেলোয়াড়। বিসিবির টুর্নামেন্ট কমিটি সূত্র জানিয়েছে, কাল পর্যন্ত কোনো দলই কোনো বিদেশি খেলোয়াড় নিবন্ধন করায়নি। রাজশাহীর মতো বড় দলগুলো বিদেশি খেলোয়াড় আনতে খুব একটা উৎসাহীও নয়।রংপুর বিভাগ ও ঢাকা মহানগরের অন্তর্ভুক্তিতে জাতীয় লিগের দল এবার ছয় থেকে বেড়ে আট। তবে অঞ্চলভিত্তিক যেকোনো প্রতিযোগিতায় অবশ্যপালনীয় হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি এবারও নির্বাসনে। খেলা হবে আগের ফরম্যাটেই। প্রথমে আট দলের মধ্যে লিগ, এরপর সেরা চার দলের মধ্যে খেলা, সবশেষে শীর্ষ দুই দলের ফাইনাল। লিগ ম্যাচে সরাসরি জেতা দল পাবে ৮ পয়েন্ট। ড্র ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকা দল ৪ পয়েন্ট ও পিছিয়ে থাকা দল ২ পয়েন্ট পাবে। দুই দলেরই দুই ইনিংস শেষ হওয়া ‘টাই’ ম্যাচে দুই দল পাবে ৪ পয়েন্ট করে। প্রথম ইনিংস শেষ না হওয়া ড্র, পরিত্যক্ত এবং বাতিল ম্যাচে প্রতিটি দল পাবে ৩ পয়েন্ট। এ ছাড়া প্রথম ইনিংসের জন্য থাকছে বোনাস পয়েন্টের পদ্ধতিও।জাতীয় লিগের প্রাইজমানিও বেড়েছে এবার। চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা, আগে যেটা ছিল ১২ লাখ। গতবারের ৬ লাখ টাকা থেকে রানার্সআপের পুরস্কার বেড়ে এবার দাঁড়িয়েছে ১০ লাখ। প্রথম রাউন্ডের ম্যাচপ্রতি জয়ী দল পাবে ৭৫ হাজার টাকা করে, দ্বিতীয় রাউন্ডে এক লাখ টাকা করে। অংশ নেওয়া ৮টি দলই প্রথম রাউন্ডে পাবে ৫ লাখ টাকা করে। দ্বিতীয় রাউন্ডে ওঠা চার দল পাবে আরও ৫ লাখ করে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের জন্য বরাদ্দ করা এই অর্থের ৭০ শতাংশই খেলোয়াড়েরা পাবেন বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক হাফিজুর রহমান জোয়ারদার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা। প্রথম রাউন্ডের ম্যান অব দ্য ম্যাচ পাবে ১০ হাজার টাকা, দ্বিতীয় রাউন্ডের ১৫ হাজার টাকা ও ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ পাবে ২০ হাজার টাকা। প্রত্যেক খেলোয়াড় প্রথম রাউন্ডে ম্যাচ ফি পাবেন ১৫ হাজার টাকা করে, দ্বিতীয় রাউন্ডে ২০ হাজার ও ফাইনালে ২৫ হাজার টাকা। দৈনন্দিন ভাতা ১৭৫০ থেকে এবার বেড়েছে মাত্র ৫০ টাকা।ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কারণে জাতীয় দলের খেলোয়াড়েরা আপাতত লিগে খেলতে না পারলেও আন্তর্জাতিক সিরিজ না থাকলে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের এবার জাতীয় লিগে খেলা বাধ্যতামূলক। আজ বিকেএসপিতে মুখোমুখি বরিশাল-চট্টগ্রাম, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী-ঢাকা মহানগর, বগুড়ায় রংপুর-ঢাকা এবং সিলেটে খুলনা-সিলেট বিভাগ। এর পর ম্যাচ হবে চট্টগ্রাম, যশোর, বরিশাল এবং ফতুল্লায়ও।