নতুনত্বের বছরে আছে বিতর্কও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে বিপিএল, শেষে বিসিএল। এমন নতুনত্বে মোড়ানো বছর বাংলাদেশের ক্রিকেটে আর কবে এসেছে! নতুনত্ব আছে মাঠের পারফরম্যান্সেও। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে হতে না হওয়া, ১১ মাস পর টেস্টে ফিরে ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া প্রবল ঝাঁকুনি কিছু তো নতুনের স্বাদ দিয়েছেই। তবে নতুনত্বের মোড়কাবৃত অংশটুকুর আড়ালে এমন কিছু নতুনও আছে, যে নতুন আসলে কাম্য নয় বাংলাদেশের ক্রিকেটে।মাঠের পারফরম্যান্সে নতুন আলো: ৯ ওয়ানডের ৫টিতেই জয় এবং পাঁচটিই বড় দলের বিপক্ষে। ৫০ ওভারের ক্রিকেটে রীতিমতো জাদুকরি পারফরম্যান্স বাংলাদেশের! মার্চে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে যাওয়ার পর সাকিব-মুশফিকদের কান্না গোটা দেশের চোখ ভিজিয়েছে। তার পরও ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার সাফল্য রসদ হয়েছে ভবিষ্যৎ সুখস্বপ্নের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় সেই স্বপ্নপূরণেরই একটা অধ্যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল বলে ২০১২ সালে বাংলাদেশ দল সবচেয়ে বেশি খেলেছে ২০ ওভারের ক্রিকেটই। অফিশিয়াল-আনঅফিশিয়াল মিলে বিশ্বকাপের আগেই ১৭টি ম্যাচ। সেটার কোনো ‘সুপ্রভাব’ অবশ্য বিশ্বকাপে পড়েনি। তবু আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের সাফল্যের সুবাদে বছর শেষে ৯ ম্যাচের ৪টিই জেতার গর্ব তো করা যাচ্ছে। এ বছর বাংলাদেশ টেস্ট খেলেছে মাত্র দুটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে দুটিতেই পরাজয়ের মধ্যেও ছিল আশার আলো।ওই নতুনের কেতন ওড়ে: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সাফল্যে বড় অবদান তরুণ তুর্কিদের। এনামুল হক (বিজয়), মমিনুল হক, সোহাগ গাজী আর আবুল হাসান—একসঙ্গে চার নতুনের অভিষেক এই সিরিজে। এর আগে অনেক নতুনই দলে এসে আবার হারিয়ে গেছেন ক্যালেন্ডারের পাতার আড়ালে। কিন্তু ২০১২ সাল এই চার নতুনের আগমনধ্বনীটা যেভাবে শোনাল, আশা তাঁদের নিয়ে করাই যায়। বিশেষ করে সোহাগ গাজীকে মনে হচ্ছে লম্বা রেসের ঘোড়া।বিপিএল-বিসিএল: নতুন কিছু তো বটেই, তবে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্রিকেটে বিপিএল একটা উপদ্রবও। বিপিএল মাঠে দর্শক টেনেছে, ক্রিকেটকে রং-নাচ-গানে করেছে উৎসবমুখর। কিন্তু উৎসবের বাদ্যির মধ্যেই এই জিনিস বাংলাদেশের ক্রিকেটে ঢুকিয়েছে স্পট ফিক্সিংয়ের বিষধর সাপ। ক্রিকেট গেছে পুলিশ চৌকি আর রাজস্ব বোর্ডে। ক্রিকেট কর্তারা আরেক বিপিএলের ঢোল পেটানো শুরু করেছেন, অথচ প্রথম বিপিএলের দেনা-পাওনাই পুরোপুরি শোধ হয়নি এখনো। বিনোদনের ক্রিকেটের পার্শ্বপ্রতিক্রিয়া আছে আরও। এখন বাংলাদেশের ক্রিকেটের সব চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে থাকে বিপিএল। ঘরোয়া ক্রিকেটের সূচি থেকে শুরু করে পাকিস্তান সফরের বিতর্কেও আগে দেখতে হয় বিপিএলের স্বার্থ। বছরের শেষে এসে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের ম্যাচের আসর বিসিএল আয়োজন অবশ্য সাধুবাদ পাওয়ার মতোই।আইসিসিতে বাংলাদেশ ও পাকিস্তান সফর: অনেক আলোচনা-সমালোচনার পর এ বছরই আইসিসির সহসভাপতি হয়েছেন বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। সব ঠিক থাকলে সভাপতিও হবেন। তবে এর বিনিময়মূল্যটা নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। বাংলাদেশ দলকে পাঠানোর চেষ্টা চলছে সন্ত্রাসকবলিত পাকিস্তানে। পাইবাসের ছোট গল্প: রিচার্ড পাইবাস যেন বাংলাদেশের ক্রিকেটে একটা ছোট গল্পের নাম। মাত্র চার মাসেই জন্ম দিলেন কত না আলোচনার! শুরুতে বিসিবির ভাবটা এমন ছিল যেন, যেভাবেই হোক পাইবাসকে জাতীয় দলের কোচ করতে হবে। অবশেষে পাইবাস সে প্রত্যাশা পূরণ করলেন, কিন্তু চার মাসেও সই করলেন না চুক্তিতে। তিনি চান অফুরান ছুটি, বিসিবি সেটা ৪৫ দিনের বেশি দিতে রাজি নয়। এই নিয়ে গোলমালে পাইবাস শেষ পর্যন্ত চলেই গেলেন।নাদির ‘শো’: ভারতের ইন্ডিয়া টিভি হঠাৎ করেই ফাঁস করে দিল আম্পায়ার নাদির শাহর স্পট ফিক্সিং-প্রীতি। গোপন ক্যামেরার ফুটেজ থেকে জানা গেল, বাংলাদেশের এই আম্পায়ার টাকার বিনিময়ে নীতি বিক্রি করতে রাজি। নাদির শাহর পাল্টা বক্তব্য, তিনি ষড়যন্ত্রের শিকার। বিষয়টি এখন বিসিবিতে ‘বিচারাধীন’। ঘটনার সত্যতা যা-ই হোক, এই ঘটনায় স্পষ্ট ক্রিকেট-বাজির বিষবাষ্প ভালোভাবে উড়তে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটেও।ক্লাবশক্তির চর্চা ও গঠনতন্ত্র: ক্লাব ক্রিকেটের নোংরা রাজনীতিতে কলঙ্কিত হয়েছে ২০১২ সালের ঘরোয়া ক্রিকেট। আবাহনী-মোহামেডান-ভিক্টোরিয়ার ত্রিমুখী লড়াইয়ের কাছে জিম্মি হয়ে পড়েছিল ক্রিকেট ও ক্রিকেটাররা। বছরের শেষ দিকে গঠনতন্ত্রে অগণতান্ত্রিক সংশোধনী এনে সেই ক্লাবশক্তির পেশি আরও টানটান করার উদ্যোগ নিয়েছে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি। বিষয়টা গড়িয়েছে আদালতেও। নির্বাচনী হাওয়া নিয়ে আসা নতুন বছরের শুরুটা যে এ নিয়ে উত্তপ্ত থাকবে, বছরের শেষ দিনে সেটা বলতে জ্যোতিষী হওয়া লাগছে না।