নতুনদের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্মি স্টেডিয়ামের পূর্ব গ্যালারি। হলুদ তোয়ালে দিয়ে মুখ ঢেকে বসা শামসুন নাহার (চুমকি)। দেশের সাবেক দ্রুততম মানবী যেন নিজেকে আড়াল করতে চাইলেন। বাংলাদেশের অ্যাথলেটিকসে দৃশ্যটাকে প্রতীকী হিসেবেও ধরে নেওয়া যায়। এবারের জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা এক অর্থে তো পুরোনোদের আড়ালে চলে যাওয়ারই গল্প। সব চেনা মুখ পেছনে ফেলে নতুনদের জয়জয়কার।
পরশু নাজমুন নাহার (বিউটি) ২০০ মিটারে অংশ নেননি। আজ সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটারেও থাকছেন না নয়বারের দ্রুততম মানবী। মেয়েদের ১০০ মিটার হার্ডলসে গত কয়েক বছরের চ্যাম্পিয়ন সুমিতা রানী চোটের কারণে এবার ট্র্যাকেই আসেননি। চোট ছিটকে দিয়েছে ছেলেদের ১১০ মিটার হার্ডলসের বর্তমান চ্যাম্পিয়ন মাসুদ খানকেও। কাল মাত্র পাঁচটি হার্ডল পার হতে পারলেন নৌবাহিনীর হার্ডলার।
সুযোগ কাজে লাগিয়ে প্রথমবারের মতো হার্ডলসে সোনা জেতেন বিজেএমসির আজগর হোসেন। এই ইভেন্টে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন আসাদুল ইসলাম চোটের কারণে এবার খেলেননি। মেয়েদের হার্ডলসেও এসেছে নতুন মুখ—সেনাবাহিনীর জেসমিন আক্তার। আনসার ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিয়েই দলকে সোনা এনে দিয়ে খুশি নোয়াখালীর মেয়ে। নিজেদের শক্তি বাড়াতে এবারই প্রথম মহিলা অ্যাথলেট নিয়েছে সেনাবাহিনী।
পরশু ২০০ মিটারে সোনা জেতা মেজবাহ আহমেদ কাল প্রথম হয়েছেন ট্রিপল জাম্পেও। আজ ১০০ মিটারেও দেশের দ্রুততম মানবের খেতাব ধরে রাখতে চান নৌবাহিনীর তরুণ সিপ্রন্টার। অন্যদিকে লং জাম্পে অঘটন, টানা নয়বার জাতীয় চ্যাম্পিয়ন আল আমিনকে এই প্রথম হারিয়ে দিয়েছেন তরুণ ইসমাইল হোসেন।
পুরুষ ম্যারাথনে সেনাবাহিনীর হানিফুর রহমান, শটপুটে একই সংস্থার মামুন শিকদার, ১০০০০ মিটার দৌড়ে বিজেএমসির মনিরুল ইসলাম ও ৪০০ মিটার সিপ্রন্টে নৌবাহিনীর রাহুল বিশ্বাস সোনা জিতেছেন। মেয়েদের ৩০০০ মিটারে নৌবাহিনীর মিরোনা, লং জাম্পে বিকেএসপির আইরিন আক্তার, চাকতিনিক্ষেপে বিকেএসপির জাফরিন আক্তার ও ৪০০ মিটার সিপ্রন্টে বিজেএমসির সোহাগি আক্তার সোনা জিতেছেন।
নতুনদের উঠে আসা ইতিবাচক বলছেন সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার (মিমু), ‘এটা আমাদের অ্যাথলেটের জন্যই ভালো ফল আনবে।’