নতুনপথ
বাবা ক্লিন্টন ম্যাকেঞ্জি সাবেক ইংলিশ ও ইউরোপিয়ান বক্সিং চ্যাম্পিয়ন। চাচা ডিউক ম্যাকেঞ্জি তো বক্সিংয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁর রক্তেই বক্সিং ছিল। তারপরও লিওন ম্যাকেঞ্জি কেন যে ফুটবলে ক্যারিয়ার গড়তে গেলেন, কে জানে! প্রিমিয়ার লিগে কিছুদিন খেলেছিলেন, তবে খুব একটা সফল হতে পারেননি ইংলিশ স্ট্রাইকার। ২০১৩ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পরই ‘সঠিক পথে’ এলেন। নেমে গেলেন বক্সিং রিংয়ে। উত্তরাধিকার সূত্রে পাওয়া খেলার কৌশল রপ্ত করতে খুব একটা বেগও পেতে হয়নি। পেশাদার ক্যারিয়ারে নয়টি ম্যাচ খেলে আটটিতেই জিতেছেন ৩৮ বছর বয়সী বক্সার, একটি ড্র। বড় একটা অর্জনও হাতছানি দিচ্ছে। ১২ নভেম্বর ইংলিশ সুপার-মিডলওয়েট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছেন ম্যাকেঞ্জি। তাহলে যা দাঁড়াল, নতুন স্বপ্ন দেখতে বয়স কোনো বাধা নয়! বিবিসি।