নতুনে চোখ বাফুফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ থেকে ৬ মার্চ পর্যন্ত কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপ। এই টুর্নামেন্টের জন্য সহকারী রেনে কোস্টারকে নিয়ে ২২ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। তবে তার আগেই শুরু হয়ে যাচ্ছে জাতীয় দলের ক্যাম্প। খেলোয়াড় বাছাই করছেন স্থানীয় কোচরাই। ক্রুইফ আরও আগে এলে হয়তো নিজে পছন্দ করতে পারতেন। তবে হল্যান্ডে বসেই চলমান লিগে বড় দলগুলোর ভিডিও চেয়ে পাঠিয়েছিলেন। এটা হয়তো কিছু খেলোয়াড় বাছাই করতে তাঁকে সাহায্য করবে।স্থানীয় কোচদের বাছাই করা ৫০ খেলোয়াড়ের তালিকা গত ৩০ জানুয়ারি এএফসির কাছে পাঠিয়েছে বাফুফে। বিশাল এই তালিকায় জাতীয় দল এবং এর আশপাশে থাকা সবাই আছেন। বাফুফের একজন কোচ জানিয়েছেন, তরুণদেরই মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন বিজেএমসির স্ট্রাইকার তকলিছ, ব্রাদার্সের মিডফিল্ডার জামাল, মুক্তিযোদ্ধার মিডফিল্ডার জুয়েল, মোহামেডানের উইঙ্গার সোহেল, আরামবাগের গোলরক্ষক মিতুল, ফেনী সকারের সজীবসহ আরও কয়েকজন তরুণ আছেন।সিনিয়র ফুটবলাররা ভালো করলেও এখন আর তাঁদের দিকে চোখ রাখতে রাজি নয় বাফুফে। ‘তরুণেরাই আগামীর ভরসা’—এই মন্ত্রই কর্মকর্তাদের মুখে। তাই ৫০ জনেও ঠাঁই মেলেনি শেখ রাসেল গোলরক্ষক বিপ্লবের, সম্প্রতি যাঁকে জাতীয় দলে আর ডাকা হচ্ছে না। আমিনুল, মুন্না, রজনীরা নিজেরাই জাতীয় দল থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাকেই হিসাবের মধ্যে নেই। ডিফেন্ডার হাসান আল মামুন অঘোষিত অবসরে আছেন। মামুনের পারফরম্যান্স বেশ ভালো। তবে আবার তাঁকে জাতীয় দলে খেলানোর চিন্তা নেই।৩০ জনকে ডাকা হতে পারে আবাসিক ক্যাম্পে, স্থানীয় কোচরাই এ তালিকাটা করবেন, যা গতকাল পর্যন্ত করা হয়নি। ২০ জনের চূড়ান্ত দল করার কথা ক্রুইফের।