নবগঙ্গার রেকর্ড-কন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্য অস্ত যায় যায়...। পড়ে আসা রোদে রঙিন হয়ে ওঠা পুলের পানিতে তখনো ঝড়। টাচ বোর্ডটা ছুঁয়েই এক হাত শূন্যে লাফ দিয়ে উঠলেন তিনি। এক লহমার জন্য মনে হলো, এ যেন কোনো পশ্চিমা দেশের সাঁতারু!মনে হলো, ওয়ালটন ২৪তম জাতীয় সাঁতারের ‘মাইকেল ফেল্প্স’ হয়ে গেছেন ‘টুম্পা’ ডাকনামের কিশোরী সোনিয়া আক্তার। আগের দিন দুটি সোনা জিতেছিলেন, দুটিতেই জাতীয় রেকর্ড। কাল আরও তিনটি সোনা জিতলেন জাতীয় রেকর্ড করে। সব মিলিয়ে প্রথম দুই দিনে ৫টি ব্যক্তিগত ও একটি দলীয় সোনা জিতে এখন পর্যন্ত জাতীয় সাঁতারকে নিজের দখলে রেখেছেন ঝিনাইদহের মেয়ে।কালকের দিনটা একেবারেই সোনিয়াময় হলেও এর মধ্যে একটু আলোচনায় ফিরলেন শাহ্জাহান আলী (রনি)। ২০০৬ সালে কলম্বো এসএ গেমসে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রুপা জেতা শাহ্জাহান কাল ২০০৮ সালে করা নিজেরই পুরোনো রেকর্ড ভেঙে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১ মিনিট ৫.৭৪ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড করলেন। সাঁতার শেষে শাহ্জাহান বললেন, ‘বলা হয়, আমি ফর্মে নেই, অসুস্থ। অসুস্থ হলে কমনওয়েলথে বা এই জাতীয় সাঁতারে খেলছি কী করে?’এসব প্রশ্ন নিয়েই চলছে সাঁতার। জাতীয় সাঁতারের সঙ্গেই চলতে থাকা ওয়াটারপোলো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। আর সাঁতারে প্রথম দিন সাতটির পর কালও ছয়টি জাতীয় রেকর্ড হয়েছে ১০ ইভেন্টে। একটি করে রেকর্ড করেছেন সবুরা খাতুন ও মাহফুজা খাতুন।সবুরা ২০০৭ সালে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে নিজে যে রেকর্ড করেছিলেন, সেটি ভেঙেই কাল সাঁতার শেষ করলেন ৫ মিনিট ১২.০৩ সেকেন্ডে। মাহফুজাও নিজের রেকর্ড ভাঙলেন। ২০০৭ সালে করা ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের রেকর্ড ভাঙলেন ১ মিনিট ১৯.৮৫ সেকেন্ড সময় করে।বাকি তিনটি রেকর্ডই সোনিয়ার। আসলে কালকের দিনটাই তো বিকেএসপির এই প্রাক্তন ছাত্রীর। নবম শ্রেণীতে পড়া একটি মেয়ে ‘প্রাক্তন’ হয়ে গেল কেন? এই প্রশ্নটার উত্তর দিতে গিয়েই সোনিয়ার মুখ থেকে তাঁর পরিবারের চিত্রটা বেরিয়ে এল, ‘আমাদের পরিবারের অবস্থা ভালো না। বাবা একটা পানের দোকান চালান। আমার আয়ের দিকে চেয়ে থাকে এখন পরিবারের সবাই। তাই আনসারের চাকরির প্রস্তাব পেয়ে এ বছর বিকেএসপি ছেড়ে দিলাম।’গল্পের এটুকু নিঃসন্দেহে করুণ, বাকিটা খুবই উৎসাহব্যঞ্জক। ঝিনাইদহে বাড়ির কাছে নবগঙ্গা নামে ছোট্ট একটা নদী। ভাইয়ের সঙ্গে সেই নদীতেই দুরন্তপনা করতে করতে সাঁতার শেখা। ২০০৩ সালে যশোর শিক্ষা বোর্ডের হয়ে ঢাকায় এসেছিলেন জুনিয়র সাঁতারে। পরের বছর একই দলের হয়ে বগুড়ায় জুনিয়র সাঁতারে অংশ নিতে গিয়ে চোখে পড়েন বিকেএসপির প্রতিভা অন্বেষকদের। সেই থেকেই তাঁর বিকেএসপির জীবন।২০০৭ ও ২০০৮ সালে জাতীয় সাঁতারে ৩টি ও ৫টি করে সোনা পেয়েছেন। গতকালই নিশ্চিত হয়ে গেল, নিজের সেরা পারফরম্যান্স এ বছর হচ্ছে। একগাল হেসে সোনিয়া বললেন, ‘এখনো আবার ফেবারিট চারটি ইভেন্ট বাকি। কোনো ঝামেলা না হলে ওই ৪টিতেও সোনা জিতব।’ শুধু ১০টি সোনা নয়, ১০টি জাতীয় রেকর্ডও নাকি করে ফেলতে পারবেন সোনিয়া।এত সোনা জয়, এত রেকর্ড; শেষ পর্যন্ত কী হবে? আনসারের চাকরি, খেলা শেষে ভাগ্যের সঙ্গে লড়াই! না, সোনিয়া এবার মুখটা শক্ত করে ফেলেন, ‘বিকেএসপি ছেড়ে দিয়েছি বলে সব শেষ হয়ে গেছে, তা নয়। আমি পড়াশোনা করব। সাঁতারে আরও ভালো করব। আমার ভাগ্য তো আমার হাতে।’সাহসীদের ভাগ্য হাতেই থাকে।