সেঞ্চুরি করে নববর্ষ উদ্যাপন, আন্তর্জাতিক ক্রিকেট সর্বশেষ দেখেছে ১৯৮৭ সালে। পার্থে বিশ্ব সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ডিন জোন্স। ওয়ানডে ক্রিকেটের ১১৬৬টি সেঞ্চুরির এই একটিই হয়েছে বছরের প্রথম দিনে। অবশ্য জানুয়ারির ১ তারিখে হয়েছেই মাত্র সাতটি ওয়ানডে। টেস্টে অবশ্য সংখ্যাটি একটু বেশি, সেটাও ২২টি (মোট সেঞ্চুরি ৩৫০১টি)। মোট ১৯ জন ব্যাটসম্যান ২২ বার বর্ষবরণ করেছেন সেঞ্চুরি দিয়ে। অস্ট্রেলিয়ার বিল পন্সফোর্ড (১৯২৫ ও ১৯৩১), ইংল্যান্ডের কলিন কাউড্রে (১৯৬৩ ও ১৯৬৬) এবং বাংলাদেশের সাবেক কোচ দক্ষিণ আফ্রিকান এডি বারলো (১৯৬৪ ও ১৯৬৫) শুধু দুবার সেঞ্চুরি পুরো করেছেন নববর্ষে। প্রথম প্রাপ্তিটা অস্ট্রেলিয়ার চার্লি ম্যাকলিওডের, ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯৫ সালে। সর্বশেষ এটি পেয়েছেন পাকিস্তানের মজিদ খান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৩ সালে। প্রথম ও শেষ দুটোসহ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই (এমসিজি) হয়েছে ১৫টি সেঞ্চুরি।