আবারও নবম উইকেট জুটির দাঁড়িয়ে যাওয়া, আবারও ২০০ রানে পিছিয়ে থেকে কোনো দলের জয়, আবারও সিডনি! ১৮৯৪ সালে এই সিডনিতেই প্রথম দল হিসেবে ২০০ রানের বেশি এগিয়ে থেকে টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নবম উইকেটে ১৫৪ রানের জুটি গড়েছিলেন সিডনি গ্রেগরি ও জ্যাক ব্ল্যাকহাম। নবম উইকেট জুটিতে ১১৬ বছরের পুরোনো অস্ট্রেলীয় রেকর্ডটিকে কাল হুমকির মুখে ফেলে দিয়েছিলেন মাইক হাসি ও পিটার সিডল। শেষ পর্যন্ত অবশ্য পারেননি। রেকর্ড বইয়ে অবশ্য অস্ট্রেলীয় এই রেকর্ডটি জায়গা পেয়েছে সাত নম্বরে। সবার ওপরে প্যাট সিমকক্স ও মার্ক বাউচার। পাকিস্তানের বিপক্ষেই জোহানেসবার্গে ১৯৯৮ সালে ১৯৫ রানের জুটি গড়েছিলেন দুই লড়াকু প্রোটিয়া। পরের রেকর্ডটি পাকিস্তানের এক জুটির। ১৯৬৭ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৬৫ রানে ৮ উইকেট হারানোর পর আসিফ ইকবাল ও পাকিস্তানের বর্তমান কোচ ইন্তিখাব আলম গড়েছিলেন ১৯০ রানের জুটি।