নবম বিশ্বকাপে রিভা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত এক পরিস্থিতিতে পড়তে হয় লুইজি রিভাকে। জাতীয় দলে আসা তরুণদের অনেকেই জানে, রিভা ইতালির এককালের দুর্দান্ত স্ট্রাইকার। কিন্তু বেশির ভাগই জানে না, ১৯৭৪ সালে অবসর নেওয়া রিভা এখনো ইতালির সর্বোচ্চ গোলদাতা।১৯৯০ বিশ্বকাপ থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা ৬৫ বছর বয়সী সাবেক তারকা এতে মোটেও অভিমানাহত নন, ‘এটা আমার জন্য কোনো সমস্যা নয়। আমি নিজেকে ফেডারেশনের একজন ম্যানেজার হিসেবেই পরিচয় দিই। খেলোয়াড় হিসেবে আমি কী করেছি, এটা নিয়ে কথা হয় খুব কমই। আমি শুধু বলি, তোমরা যেকোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে আমাকে বলবে, আমি সমাধানের চেষ্টা করব।’যেকোনো সমস্যা সমাধানের দাওয়াই রিভার চেয়ে ভালো আসলে খুব কম লোকেই জানেন। এবং সেটা যদি হয় বিশ্বকাপ-সংশ্লিষ্ট, তাহলে তো কথাই নেই। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ রিভার জন্য হবে নবম টুর্নামেন্ট! তিনটি বিশ্বকাপে ছিলেন খেলোয়াড় হিসেবে, গত ছয়টি বিশ্বকাপে ছিলেন দলের ম্যানেজার। ৪৫ বছরের ক্যারিয়ার! এর মধ্যে খেলোয়াড় ছিলেন ১৯৬৫ থেকে ১৯৭৪ পর্যন্ত। এই সময়ের মধ্যে ৪২ ম্যাচে করেছেন ৩৫ গোল।রিভার রেকর্ড কবে ভাঙবে কে জানে! তিনি নিজে অবশ্য জানালেন, ‘আমি এটা নিয়ে আর মোটেও ভাবি না। না, ভাবি হয়তো, কিন্তু সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়।’সব সময়ই কেতাদুরস্ত পোশাক, ঠিকরে বেরোয় প্রচণ্ড আত্মবিশ্বাস, যেন এখনো মাঠে নামিয়ে দিলে পাল্লা দিতে পারবেন রোনালদো-রুনিদের মতো ফরোয়ার্ডদের সঙ্গেও। যেন এখনো তাঁর বুটের আঘাতে গোলার মতো ছুটে যাবে বল, যে ক্ষমতার কারণে রিভার নামই হয়ে গিয়েছিল ‘বজ্রবিদ্যুৎ’।খেলোয়াড়দের কাছে কিন্তু তিনি বন্ধুবৎসল। ইতালির এই দলের সব খেলোয়াড়েরই জন্ম তাঁর খেলা ছাড়ার পর। তার পরও সবাইকে বন্ধুর মতো কাছে টেনে নেন, যাতে কোনো খেলোয়াড়ই তাদের সমস্যার কথা না লুকোয় তাঁর কাছে।দক্ষিণ আফ্রিকায় রিভার পরামর্শ শুধু খেলোয়াড় নয়, দলের কোচ মার্সেলো লিপ্পিরও কাজে দেবে। ইতালির বেশ কটা ম্যাচ পড়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে। আরও অনেক উঁচুতে হওয়া ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে রিভার ভান্ডারে। এই দীর্ঘ অভিজ্ঞতা, ফুটবলের সঙ্গে কাটিয়ে দেওয়া জীবনের প্রায় পুরোটাই, সেই আতশকাচে ‘বর্তমান’কে পরখ করতে বসেন যখন, একটা দীর্ঘশ্বাসই বেরোয়। ‘অনেক কিছুই পাল্টে গেছে। ফুটবল তো এখন পুরোদস্তুর একটা ব্যবসা’—৪০ বছরের আগের ফুটবলের সঙ্গে এখনকার তুলনা করতে গিয়ে রিভার কণ্ঠে আক্ষেপ।আক্ষেপ তাঁর আছে নিজের খেলোয়াড়ি জীবন নিয়েও। বিশ্বকাপ শিরোপা জিততে পারেননি। ১৯৭০ বিশ্বকাপে ফাইনালে গিয়েও ফিরেছেন খালি হাতে। ম্যানেজার হিসেবে অবশ্য গত বিশ্বকাপ জিতেছেন। রিভার হয়তো এটাই শেষ বিশ্বকাপ। শেষটাও আরেকটা শিরোপা দিয়ে হলে মন্দ হয় না! ওয়েবসাইট।