লাল দুর্গটা কি এবার রক্ষা করতে পারবেন রাফায়েল নাদাল?পারবেন ফ্রেঞ্চ ওপেনের নবম শিরোপাটা ঘরে নিয়ে যেতে? প্রশ্নটা উঠছে । যদিও এটা এখনো ফিসফিসানির মধ্যে সীমাবদ্ধ। জিজ্ঞাসাচিহ্নটা বসাতে ভূমিকা রেখেছেন লাল দুর্গের রাজা নিজেই। আজ থেকে শুরু ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিমূলক ক্লে-কোর্টের টুর্নামেন্টগুলোতে নাদালের পারফরম্যান্সই তুলে দিয়েছে প্রশ্ন। মন্টে কার্লো ও বার্সেলোনার কোয়ার্টার ফাইনালে ডেভিড ফেরার ও নিকোলাস আলমাগ্রোর বিপক্ষে ও গত সপ্তাহে রোমের ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হার, একটু হলেও ম্লান হয়েছে মাটির কোর্টে নাদালের অজেয় ভাবমূর্তি। এ বছর মাটির কোর্টে মৌসুমের একমাত্র শিরোপাটা এসেছে মাদ্রিদে, জাপানের কেই নিশিকোরি আবার সেই ফাইনালে অবসর নিতে বাধ্য হয়েছিলেন পিঠের ব্যথায়।
নাদালের দিন শেষ—এই ফিসফিসানিতে অবশ্য কান দিচ্ছেন না প্রতিদ্বন্দ্বীরা। কারণ তাঁদের তো জানা রোলাঁ গারোঁতে কতটা ভয়ংকর স্প্যানিশ তারকা। ফরাসিদের ভরসা জো-উইলফ্রায়েড সোঙ্গাই যেন সবার হয়ে কথা বললেন, ‘আমরা যদি পেছন ফিরে তাকাই, তবে রাফাকে অন্যান্য বছরের চেয়ে আলাদা ভাবার কোনো কারণই দেখি না। সেই একই লোক, সেই একই চ্যাম্পিয়ন। আমি নিশ্চিত সে এবারও রোলাঁ গারোঁতে জিততে চাইছে।’
গত সপ্তাহেই রোম মাস্টার্সের শেষ আটে নাদালের কাছে পরাজিত উইম্বলডন চ্যাম্পিয়ন মারের কণ্ঠেও সোঙ্গার কথারই প্রতিধ্বনি, ‘সাধারণত টুর্নামেন্টটা যখন শুরু হয়, রাফা ফর্মে থাকুক বা নাই থাকুক, এখানে সে অসাধারণ খেলে।’
নাদালকে হারিয়ে রোম জয়, বিশ্বের দুই নম্বর তারকা নোভাক জোকোভিচ প্যারিসে খেলতে নামছেন আত্মবিশ্বাসী হয়েই। যদিও এখনো প্রথম ফ্রেঞ্চ ওপেন জয়টাকে সামর্থ্যের চূড়ান্ত পরীক্ষা হিসেবেই মানছেন সার্বিয়ান তারকা, ‘ক্লেতে এত বড় টুর্নামেন্টে রাফার সঙ্গে ফাইনাল খেলে জয় পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
ফ্রেঞ্চ ওপেন ক্যারিয়ারে মাত্র একটি ম্যাচ হারা নাদালের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের রবি জিনেপ্রি। সবকিছু ঠিকঠাক চললে সেমিফাইনালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কা অথবা অ্যান্ডি মারেকে পাবেন নাদাল। অন্যদিকে দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের বাবা হওয়া রজার ফেদেরার আছেন জোকোভিচের অর্ধে।
মেয়েদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসই ফেবারিট। গত সপ্তাহে রোম মাস্টার্স জিতে প্রস্তুতিও দারুণভাবে সেরে রেখেছেন ১৮তম গ্র্যান্ড স্লামের অভিযানে নামা মার্কিন তারকা। সাবেক চ্যাম্পিয়ন লি না-ই প্রধান প্রতিদ্বন্দ্বী সেরেনার। এএফপি ও রয়টার্স।