নবম শ্রেণির কিশোরটিই রুখেছিল বিশ্বসেরাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ পিরু এখন। ছবি: প্রথম আলো
আবদুল্লাহ পিরু এখন। ছবি: প্রথম আলো

বীজগণিতের মারপ্যাঁচ আর সরল অঙ্কের ধাঁধার মধ্যেই ছিল তাঁর বয়স। জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় আবদুল্লাহ পিরু তখন নবম শ্রেণিতে পড়তেন। আজ থেকে ৩২ বছর আগে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে পিরু জাতীয় হকি দলের জার্সি গায়ে দিয়েছিলেন নবম শ্রেণিতে পড়া অবস্থাতেই।

সে এক অনন্য স্মৃতি পিরুর। জীবনের আনন্দ ও রোমাঞ্চকর স্মৃতিও বলতে পারেন। স্কুল মাঠে নিদেনপক্ষে বন্ধু-বান্ধবদের সঙ্গে বিভিন্ন খেলা নিয়ে মেতে থাকার সেই বয়সেই পিরু খেলেছিলেন এশিয়ার সেরা হকি খেলোয়াড়দের সঙ্গে; ঢাকা স্টেডিয়ামে (এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম) উপচে দর্শকের গর্জনের সামনেই। তিনি ছিলেন ১৯৮৫ এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় হকি দলের কনিষ্ঠতম খেলোয়াড়।
আজ ৩২ বছর পর আরও একটি এশিয়া কাপ আয়োজনের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এই আনন্দ-অনুভূতির মধ্যেই পিরুর মন চলে যায় সেই উদ্বেল সময়টায়, ‘তখনো ভাসানি হকি স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপ পায়নি। এশিয়া কাপের মতো এত বড় একটা প্রতিযোগিতা আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামকেই। সেই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচেই গ্যালারি উপচে পড়েছে দর্শকে। বাংলাদেশের ম্যাচগুলোর দিন ছিল অন্য রকম উন্মাদনা। গ্যালারিতে ৪০ হাজার দর্শক। মাঠের চারদিকে আরও ১০ হাজার। এত দর্শকের সামনে খেলার কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না। আমার তো আরওই ছিল না। তবে এটা ঠিক ভয় পাইনি। এত দর্শকের উপস্থিতি প্রেরণা হিসেবে নিয়েছিলাম।’
স্কুলে থাকতেই টুকটাক হকি খেলতেন। ভালোই খেলতেন। নয়তো, এশিয়া কাপের প্রাথমিক দলে কীভাবে ডাক পান। পিরু বলেন, ‘ডাক পেয়েই খুশি ছিলাম। এত তাড়াতাড়ি জাতীয় দলে ঢুকে যাব, ভাবতেও পারিনি। চূড়ান্ত দল ঘোষণার আগে কোচকে বলেছিলাম, বাড়ি চলে যাই। কিন্তু তিনি থেকে যেতে বলেন। আমি তো, মোটামুটি নিশ্চিতই ছিলাম যে সুযোগ পাব না। কিন্তু শেষ পর্যন্ত সুযোগ তো পেলামই, প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই খেলেছি।’

১৯৮৫ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত
১৯৮৫ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

সেই এশিয়া কাপ এখনো বাংলাদেশের হকির ইতিহাসের স্মরণীয় এক প্রতিযোগিতা। দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ দল। সে সময়ের বিশ্বসেরা পাকিস্তান দলের বিপক্ষে সেই ম্যাচ তো ইতিহাসেরই অংশ। কেবল পাকিস্তান নয়, চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া প্রতিটি দলের বিপক্ষেই বাংলাদেশ খেলেছিল চিরদিন মনে রাখার মতো হকি। মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক প্রতিটি ম্যাচের পরই মাঠ ছেড়েছিলেন অনাবিল আনন্দ আর তৃপ্তি নিয়ে।
পিরুর মনে আছে বাংলাদেশ দলের অধিনায়ক মেজর শাহাবুদ্দিন চাকলাদারের সেই উজ্জীবনী কথাগুলো। পাকিস্তান দলে তখন খেলেন হাসান সরদারের মতো খেলোয়াড়। খেলেন কলিমউল্লাহর মতো বিশ্বসেরা রাউট আউট। ম্যাচটির আগে নার্ভাস ছিলেন পিরু। কারণ, কলিমউল্লাহকে সামলাতে হবে তাঁকেই। কিন্তু অধিনায়ক তাঁকে যা বলেছিলেন, সেটা আজও মনে আছে তাঁর, ‘শাহাবুদ্দিন ভাই আমাকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে বলেছিলেন, জানিস তো, ১৯৭১ সালে আমরা পাকিস্তানের তুলনায় অস্ত্র আর লোকবলে কতটা দুর্বল ছিলাম। তারপরও তো ওরা আমাদের সঙ্গে পারেনি। কলিমউল্লাহকে সামলাতে হবে তো কী হয়েছে। মুক্তিযুদ্ধের কথা সব সময় মনে রাখবি।’
বুধবার থেকে ঢাকায় বসছে আরও একটি এশিয়া কাপ। পিরু খুব করেই চান বাংলাদেশের সাফল্য, ‘১৯৮৫ সালের চেয়েও জিমি-চয়ন-রোমানরা ভালো করুক। ওরা এমন খেলা খেলুক যেন মানুষ ১৯৮৫ সালের সুখস্মৃতিও ভুলে যায়। মাঠে আবারও হাজার হাজার দর্শক আসুক। সবাই প্রাণভরে জাতীয় দলকে সমর্থন দিক। সবাই হকি নিয়ে আবারও স্বপ্ন দেখা শুরু করুক।’
খেলা ছেড়েছেন অনেক বছর হলো। শারীরিক দিক দিয়ে এখনো দারুণ ফিট পিরু। এই তো সেদিনই পাশ দিয়ে যাচ্ছিলেন জাতীয় হকি দলের একজন খেলোয়াড়। মজা করেই বললেন, ‘পিরু ভাই, আপনি তো এখনো স্টিক নিয়ে দিব্যি মাঠে নেমে যেতে পারেন।’
পিরু হাসেন। সেই হাসিতে মিশে থাকে একধরনের তৃপ্তি!