নবীনদের শ্যুটিং ক্যাম্পে সাড়া কম
সম্প্রতি গঠিত হয়েছে শ্যুটিং ফেডারেশনের নতুন কমিটি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই কমিটি নবীন শ্যুটার ক্যাম্প শুরু করেছে ৯ ফেব্রুয়ারি থেকে, প্রাথমিকভাবে যা চলার কথা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সারা দেশের ৬১টি ক্লাবকে চিঠি দেওয়া হয়েছিল শ্যুটার পাঠানোর জন্য। ২১টি ক্লাব মিলে শ্যুটার পাঠিয়েছে মাত্র ৪৭ জন। বাকি ক্লাবগুলো সাড়া দেয়নি। এত কম শ্যুটার আসার পেছনে ক্লাবের অনাগ্রহ তো আছেই, ফেডারেশনের গা ছাড়া মনোভাবকেও দায়ী করেছেন অনেকে। শ্যুটিংয়ের আগের নির্বাচিত কমিটি নবীন শ্যুটার ক্যাম্প শুরু করে অনেক দূর এগিয়ে গিয়েছিল। ওই ক্যাম্পে নবীন শ্যুটার এসেছিল প্রায় ১৩০ জন। ৪০ জনকে বাছাই করে পরবর্তী ধাপও শুরু করা হয়েছিল। বর্তমান কমিটি এসে সেটি বন্ধ করে নতুন করে খেলোয়াড় ডেকেছে। কিন্তু আগের ক্যাম্পের ধারাবাহিকতা না রেখে এটা করে শ্যুটিংয়ের জন্য ভালো কিছু হয়নি। আগের ক্যাম্পের চেয়ে দুই-তৃতীয়াংশ খেলোয়াড় কমে যাওয়া শ্যুটিংকে দিয়েছে অশুভ ইঙ্গিত। কোচ শোয়েবুজ্জামান এতে হতাশাই ব্যক্ত করলেন, ‘আমাদের ধারণা ছিল, আরও কিছু শ্যুটার আসবে। কিন্তু ক্লাবগুলো নানা সমস্যায় শ্যুটার সেভাবে পাঠাতে পারেনি বলে শুনেছি। যারা এসেছে, এদের মধ্য থেকেই বাছাই চলবে।’ বেশি খেলোয়াড় থাকলে তাদের মধ্য থেকে বাছাই করে পছন্দনীয় খেলোয়াড় নিতে পারত ফেডারেশন। সেই সুযোগটা এবার কম। অবাক ব্যাপার, আগের নির্বাচিত শ্যুটারদের এই ক্যাম্পে আসতে বাধা না থাকলেও এই ফেডারেশন নিজস্ব উদ্যোগে তাদের আনেনি।