
আফগানিস্তানকে নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে বেশ কিছুদিন ধরেই। ওরা উঠে আসছে, অঘটন ঘটানোর সামর্থ্য রাখে—এমন ধারণাকে বাস্তব করে কদিন আগেই এশিয়া কাপে হারিয়ে দিল বাংলাদেশকে। তার পর থেকে আফগানিস্তান আরও সমীহ-জাগানিয়া দল। সবখানেই আলোচনা, আফগানিস্তান টি-টোয়েন্ট বিশ্বকাপেও চমক দিতে পারে।
চমকের জন্য টি-টোয়েন্ট বিশ্বকাপ আদর্শ মঞ্চ। ৫০ ওভারের ম্যাচের চেয়ে টি-টোয়েন্টিতে জয়ের সুযোগ বেশি। তাই উজ্জীবিত আফগানিস্তান। দলটির অধিনায়ক মোহাম্মদ নবী তো কাল সংবাদ সম্মেলনে আরও আত্মগর্বী, ‘আমরা টি-টোয়েন্টিতে আরও ভালো দল।’
প্রচুর টি-টোয়েন্টি খেলে আফগানিস্তান। বড় দলের সঙ্গে খেলার সুযোগ তেমন না পেলেও আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে নিয়মিত টি-টোয়েন্টি ম্যাচে তাদের রেকর্ডও ভালো। বাংলাদেশের বিপক্ষে এটিই আফগানদের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তবে এর আগে বাংলাদেশ-আফগানিস্তান দুটি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। একটি গত গুয়াংজু এশিয়ান গেমসের ফাইনালে। অন্যটি ত্রিনিদাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে, বিসিবি একাদশের মোড়কে বাংলাদেশ দলের বিপক্ষে।
দুটি ম্যাচেই জয় বাংলাদেশের। যদিও তা সহজ ছিল না। নবী পেছন তাকিয়ে বলছেন, ‘দুটি ম্যাচেই জোর লড়াই হয়েছে। বাংলাদেশ সহজে জেতেনি। এবার আমরা জয়ের জন্য আরও কঠিন লড়াই দেব।’
সেই লড়াইয়ে নবীর শক্তি পাঁচ-ছয়জন অলরাউন্ডার, যাঁরা ম্যাচের ভাগ্য গড়তে পারেন। ওদিকটায় আঙুল তুলে আফগানিস্তান অধিনায়ক বললেন, ‘এ কারণেই আমরা টি-টোয়েন্টিতে ভালো দল। আমাদের প্লাস পয়েন্ট ফিল্ডিং, একই সঙ্গে উইকেট নেওয়ার মতো ভালো বোলারও আছে।’ জিম্বাবুয়ের সঙ্গে শেষ অনুশীলন ম্যাচটা হারলেও নবী দলের পারফরম্যান্সে খুশি, ‘ম্যাচটা আমরা শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছি।’
সাকিব, তামিম, মাশরাফি (এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ছিলেন না এই তিনজন) এই ম্যাচে ফেরা মানে বাংলাদেশের শক্তি বৃদ্ধি। ভয় পাচ্ছে কি আফগানিস্তান? পরোক্ষে ওঠা প্রশ্নটায় নবীর সপ্রতিভ জবাব, ‘আমরা কোনো নামের বিপক্ষে খেলছি না। আমরা একটা দলের বিপক্ষে খেলব। প্রতিপক্ষ দলে সাকিব, তামিম বা মুর্তজা কে খেলছে, আমাদের দেখার বিষয় নয়। আমরা আমাদের প্রেরণা থেকেই ম্যাচটা খেলব।’
আফগানিস্তানের ছয়জন খেলোয়াড় বাংলাদেশের ঘরোয়া লিগে খেলেছেন। সেই অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে আসবে। তাই বিশ্বকাপ-যাত্রার আগের দুপুরে ফুরফুরে নবী সব চাপ ঠেলে দিলেন বাংলাদেশের দিকে, ‘আমরা চাপমুক্ত ম্যাচই খেলব। ঘরের মাঠের দর্শকদের সামনে চাপটা বরং পুরোপুরি থাকবে বাংলাদেশ দলের ওপর।’