নব্বইয়ে নড়বড়ে ছিলেন না শামসুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলার পথে শামসুর রহমানের একটি ছক্কা ষ প্রথম আলো
৯৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলার পথে শামসুর রহমানের একটি ছক্কা ষ প্রথম আলো

আশির দশকের শেষ দিক, ঢাকা লিগে আবাহনী-ব্রাদার্স ম্যাচ। ৯৯ রান করে আউট হয়ে ফিরছিলেন আবাহনীর লঙ্কান ব্যাটসম্যান দিলীপ মেন্ডিস। আবাহনীর ড্রেসিংরুমে সবার মন খারাপ। অধিনায়ক গাজী আশরাফ হোসেন এগিয়ে গিয়ে বললেন, ‘হার্ড লাক।’ মেন্ডিস শুনে আকাশ থেকে পড়লেন, ‘হার্ড লাকের কী আছে? পরের ম্যাচে দেখো কী করি!’
বাংলাদেশের ড্রেসিংরুমের নিচে, সাইটস্ক্রিনের পাশে দাঁড়িয়ে গল্পটি বলছিলেন গাজী আশরাফ নিজেই। এরপর পাশে দাঁড়িয়ে থাকা শামসুর রহমানের পিঠ চাপড়ে বললেন, ‘শুভকে দেখে আমার মেন্ডিসকে মনে পড়ছে। ওর কোনো আক্ষেপ নেই, মনে হচ্ছে পরের ম্যাচেই দেখিয়ে দিতে চায়।’
শামসুর স্মিত হাসিতেই যেন সায় দিলেন সাবেক অধিনায়কের কথায়। পরে সংবাদ সম্মেলনে এসে যা বললেন, তাতে মনে হলো, শামসুরের মনের ভাষা পড়তে একটুও ভুল করেননি গাজী আশরাফ। প্রাপ্য সেঞ্চুরিটা না পাওয়ায় খুব বেশি আক্ষেপ নেই শামসুরের! সেঞ্চুরি না পাওয়াটা মেনে নেওয়া সহজ হয়েছে, কারণ সেটাকে বাড়তি গুরুত্বই দেননি, ‘প্রথম শ্রেণীর ক্রিকেটে আমি পাঁচ-ছয়বার নার্ভাস নাইনটিতে আউট হয়েছি। ঢাকা লিগে বা অন্য যেকোনো খেলায় নব্বইয়ে গেলে নার্ভাস হয়ে পড়তাম। কিন্তু জীবনে এই প্রথম আমি নব্বইয়ে গিয়ে নার্ভাস হইনি। নিজের সেঞ্চুরি নিয়ে ভাবতে গেলে হয়তো ডট বল খেলতাম, দলের ক্ষতি হতো। দলের কথাই তাই চিন্তা করেছি। এতটুকু নার্ভাস হইনি। দুর্ভাগ্য, ওই শটটা ঠিকভাবে লাগেনি। তবে দল জিতেছে বলেই আমি খুশি।’
ব্যাটিংয়ের মতো মানসিকতাটাও বোঝালেন। বদলে যাওয়া বাংলাদেশের আরেক প্রতীক যেন শামসুর! খেলতে নেমেছিলেন মাত্রই দ্বিতীয় ওয়ানডে, তাতেই দলের সিনিয়র ওপেনার! চোটের কারণে ছিলেন না তামিম ইকবাল, কাঁধে ছিল বাড়তি দায়িত্ব। চাপের তো শেষ ছিল না। অভিষেক ম্যাচে ২৫ রান করতে পারলেও সহজাত ব্যাটিংটা করতে পারেননি। দলে এখন পারফরমারের অভাব নেই, নিজেকে প্রমাণের দায় যেমন ছিল, তেমনি ছিল তিন শ তাড়া করার চাপও। শামসুর নিজে জিতলেন, দলকেও জেতালেন। চার রানের জন্য সেঞ্চুরি হয়নি। কিন্তু ধবলধোলাইয়ের ম্যাচে অসাধারণ এক ইনিংসে নিজের আগমনী ডঙ্কা তো বাজিয়ে দিলেন! প্রমাণ দিলেন সামর্থ্য আর মানসিকতার।
অভিষেক এই সিরিজে হলেও তারুণ্যের ঝান্ডাধারী নন তিনি। বয়স ২৫, প্রথম শ্রেণীর ক্রিকেটই খেলছেন আট বছর ধরে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমারদের একজন বরাবরই। তবে ঠিক পরবর্তী ধাপটায় যেতে পারছিলেন না। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। কোনো ম্যাচ না খেলেই আবার বাইরে চলে যেতে হয়েছে। অবশেষে গত মার্চে শ্রীলঙ্কা সফরে সুযোগ হয় টি-টোয়েন্টি দলে। কিন্তু অভিষেক ম্যাচে আউট প্রথম বলেই! হারারেতে দ্বিতীয় ম্যাচেই অবশ্য  করেছিলেন ফিফটি। এবার দ্বিতীয় ওয়ানডেতেও দারুণ এক ইনিংসে জানিয়ে দিলেন, অনেক তপস্যায় পাওয়া সুযোগটা ছাড়তে নারাজ।

কাল প্রথম ওভারটি মেডেন খেলেছিলেন কাইল মিলসকে। মিলসের পরের ওভারেই দুর্দান্ত এক পুলে ছয় মেরে পেয়ে গেলেন আত্মবিশ্বাসের জ্বালানি। ওই ওভারে আরেকটি চার, মিলসের পরের ওভারে আরও দুটি। মিচেল ম্যাকলেনাহানকে পুল শটে ছক্কায় ফিফটি ছুঁলেন ৪৮ বলে। ওই ওভারেই বোলারের মাথার ওপর দিয়ে সাইটস্ক্রিনে আছড়ে ফেলা শটটি সম্ভবত দিনের সেরা। এরপর আবার রাশ টেনে মন দিয়েছেন জুটি গড়ায়। ওপেনিংয়ে ৬১ রানের জুটি গড়েছেন জিয়াউর রহমানের সঙ্গে, দ্বিতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৬৫, নাঈমের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৫। নিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেন অবশ্য উদ্বোধনী জুটিকেই, ‘বড় রান তাড়ায় একটা উড়ন্ত সূচনা দরকার ছিল। আমাদের ফ্রি লাইসেন্স ছিল। কাজে লাগাতে পেরেছি বলে রান তাড়াটা সহজ হয়েছে।’

দলের জয় সহজ করেছেন। তবে জানেন, টিকে থাকতে হলে সামনে কাজটা সহজ হবে না। কণ্ঠে তাই শোনা গেল প্রত্যয়, ‘তরুণ ক্রিকেটার এখন অনেক আসছে দলে। যে আসছে, সে-ই ভালো করছে। আমিও ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

শামসুরের ইচ্ছে পূরণ আসলে গোটা বাংলাদেশেরই চাওয়া। তামিম ইকবালের একজন যোগ্য সঙ্গীর জন্য হাপিত্যেশ যে অনেক দিনের!