এবারের বিশ্বকাপ ফাইনালে ভারতের দুজন ব্যাটসম্যানের স্কোর ছিল নব্বইয়ের ঘরে, যার মধ্যে গম্ভীর আউট হয়েছিলেন ৯৭ রানে। বিশ্বকাপের ফাইনাল এবারই প্রথম দেখল এই ঘটনা। তবে এক ম্যাচে সর্বোচ্চ তিনজন ব্যাটসম্যানের নড়বড়ে নব্বইয়ে আউট হওয়ার ঘটনা একবারই ঘটেছে ওয়ানডে ক্রিকেটের চল্লিশ বছরের ইতিহাসে। ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৯১) ও মাইকেল ক্লার্ক (৯২) এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৯২) নব্বইয়ের ঘরে আউট হন। ওয়ানডেতে এক ইনিংসে দুজন নব্বইয়ের ঘরে আউট হয়েছেন এমন উদাহরণ অস্ট্রেলিয়ার এই ইনিংসটিসহ মাত্র ছয়, বিশ্বকাপে এই একটিই। এক ইনিংসে দুই ব্যাটসম্যানকে নব্বইয়ের ঘরে আউট করার প্রথম কৃতিত্ব বাংলাদেশের বোলারদের। ১৯৯০ সালে শারজায় অস্ট্রেলেশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের জন রাইট ও অ্যান্ড্রু জোন্স দুজনই ৯৩ রান করে আউট হন।