নব্বইয়ে ফিরে যেতে চায় ক্যামেরুন
প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আফ্রিকা মহাদেশে। নিজেদের মাটিতে আফ্রিকান দেশগুলোর মধ্যে একটি বিশ্বকাপ জিতবে, এতখানি না হলেও অন্তত শেষ আটে বা সেমিফাইনালে যাবে—এই প্রত্যাশা সবার। আফ্রিকা মহাদেশের পক্ষে সবচেয়ে বেশি প্রত্যাশা ক্যামেরুনকে ঘিরে। আফ্রিকান দেশগুলোর মধ্যে ক্যামেরুনই সবচেয়ে বেশি অংশ নিয়েছে বিশ্বকাপে। আফ্রিকাকে ভালো কিছু উপহার দেওয়ার সংকল্প নিয়ে ক্যামেরুন আজ মাঠে নামবে জাপানের বিপক্ষে।ক্যামেরুনের কথা উঠলেই সবার মনে পড়ে নব্বইয়ের বিশ্বকাপের কথা। রজার মিলার জাদুতে সেবার শেষ আটে পৌঁছেছিল ‘অদম্য সিংহরা’। আবার সেই স্মৃতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ক্যামেরুন কোচ পল লে গুয়েন। নিজেদের সেরাটা প্রদর্শন করার জন্য প্রস্তুত তাঁর শিষ্যরা।ক্যামেরুনকে ভালো অবস্থানে নিয়ে যেতে হলে ১৯৯০ সালের রজার মিলার জায়গা নিতে হবে স্যামুয়েল ইতোকে। বার্সেলোনার এই তারকা স্ট্রাইকারের জ্বলে ওঠার ওপরই অনেকাংশে নির্ভর করছে ক্যামেরুনের সাফল্য। তবে শুধু একজন খেলোয়াড়কে নিয়েই এত বেশি মাতামাতি করতে চান না ক্যামেরুনের কোচ। তিনি মনে করিয়ে দিয়েছেন, তাঁদের দলে জেরেমি, রিগোবার্ট সংয়ের মতো খেলোয়াড়েরাও আছেন, যাঁরা প্রতিপক্ষের জন্য যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠতে পারেন। ‘ই’ গ্রুপে ক্যামেরুনের প্রতিপক্ষ হিসেবে আছে নেদারল্যান্ড, ডেনমার্ক ও জাপান। নেদারল্যান্ডকে ফেবারিট মেনে রানার-আপ হিসেবে গ্রুপ পর্ব শেষ করার আশা করছেন পল লে গুয়েন। কিন্তু পরক্ষণেই তাঁর মনে হয়েছে, ‘প্রথমই বা নয় কেন?’