নব্বইয়ের সাফল্যও ছাড়িয়ে যাবে ক্যামেরুন
আফ্রিকার প্রথম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার ইতিহাস রয়েছে ক্যামেরুনের। তবে ইতালিতে ১৯৯০ সালের সেই সাফল্যকেও এবার ক্যামেরুন ছাড়িয়ে যাবে বলে গতকাল সোমবার জানিয়ে দিয়েছেন দলের কোচ পল লি গুয়েন।এ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছে ক্যামেরুন। আফ্রিকার দলগুলোর মধ্যে অভিজ্ঞতার দিকে থেকে সবচেয়ে সমৃদ্ধ তারা। বাছাইপর্বে ৬ ম্যাচে ৪ জয় ও একটি ড্র নিয়ে বিশ্বকাপের মূল পর্বে উঠে এসেছে ক্যামেরুন। বিশ্বকাপে দলের সম্ভাবনা প্রশ্নে কোচ লি গুয়েন রয়টার্সকে বলছেন, ‘আমার দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলার রয়েছে। তাঁরা ১৯৯০ সালে ক্যামেরুনের কোয়ার্টার ফাইনালের ইতিহাস ছাড়িয়ে যেতে সক্ষম।’গুয়েনের এ আত্মবিশ্বাসের পেছনে মূল প্রেরণা হয়ে আছেন স্যামুয়েল ইতো। তিনিই বিশ্বকাপে ক্যামেরুনের সেরা অস্ত্র। ১৯৯৮ সালে বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন ইতো। এবার যখন আরেকটি বিশ্বকাপে নামছেন, ইতো তখন বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। ক্যামেরুনকে দুবার জিতিয়েছেন আফ্রিকান নেশন্স কাপ, রেকর্ড তিনবার হয়েছেন আফ্রিকার সেরা ফুটবলার। এবারও বাছাইপর্বে করেছেন ৮ গোল।বিশ্বকাপে ক্যামেরুনের ভরসার কেন্দ্রে থাকা ইতোর ওপর আস্থা রেখে কোচ গুয়েন বলছেন, ‘আমার দলের সবচেয়ে বড় হাতিয়ার ইতো। সে দলের অধিনায়ক। তার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি নিশ্চিত, সবাইকে সঙ্গে নিয়ে ইতো ক্যামেরুনকে অনেক দূরে নিয়ে যাবে।’