নব্বইয়ের স্মৃতি ফিরিয়ে আনতে চায় ‘অদম্য সিংহ’রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যামেরুন দলটি নিয়ে আলোচনা করতে গেলেই সবাই স্মৃতিহাতড়ে ফিরে যেতে বাধ্য ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। সেই বছর আফ্রিকার ‘অদম্য সিংহ’দের লড়াই ফুটবলামোদীমাত্রই সবাইকে স্মৃতিকাতর করে তোলে। আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচেই জয়, ওমাম বিয়িকের সেই অসাধারণ হেডের গোল। রজার মিলার গোল করার পর কোমর দুলিয়ে সেই অসাধারণ উচ্ছ্বাস অভিব্যক্তি সবই আনন্দের উত্স হয়ে আছে সবার জন্য। কিন্তু ১৯৯০ সালের পর বিশ্বকাপ ফুটবলের আসরের পর ক্যামেরুনকে তেমন একটা খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে তো ক্যামেরুন বাছাইপর্বই পার হতে পারেনি।এবারের বিশ্বকাপ তাই ক্যামেরুনের জন্য একপ্রকার ফিরে আসাই। চারবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা তাই এবার অপেক্ষায় রয়েছে, নিজেদের ফিরে আসাকে উদযাপন করতে। প্রত্যাশাটা একেবারেই বাড়াবাড়ি নয়। কারণ তাদের গ্রুপিং। বিশ্বকাপের ‘ই’ গ্রুপে ক্যামেরুন এবার পাচ্ছে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও জাপানকে। আফ্রিকায় বিশ্বকাপ হওয়ার কারণে ক্যামেরুনকে নিয়ে আলাদাভাবেই ভাবতে হচ্ছে শক্তিশালী নেদারল্যান্ডসকে। ডেনমার্কের অদম্য সিংহদের হাতে শিকারে পরিণত হওয়ার সমূহসম্ভাবনা রয়েছে। জাপানের বিপক্ষে ক্যামেরুনই পরিষ্কার ফেবারিট—সব মিলিয়ে দ্বিতীয় রাউন্ডে ক্যামেরুনের পৌঁছে যাওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়।এবারের বিশ্বকাপের চূড়ান্তে পর্বে আসাটাই একসময় ‘হনুজ দুরঅস্ত’ মনে হচ্ছিল ক্যামেরুনের কাছে। বাছাইপর্বের শেষপর্বের খেলাগুলোতে শুরুটা একেবারেই বাজে হয়েছিল তাদের। প্রথম দুটো ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট, এলোমেলো খেলা দেখে মনে হচ্ছিল স্যামুয়েল ইতো বোধহয় এবারও বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন। মরিয়া হয়ে কোচ অটো ফিস্টারকে বিদায় করে দেয় ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশন। দায়িত্ব দেওয়া হয় পল লি গুয়েনকে। পল লি গুয়েন দায়িত্ব নিয়েই একেবারে খোলনলচে পাল্টে দেন ক্যামেরুন। প্রথম দিকে এলোমেলো সেই দলটিই টানা চার জয়ে পৌঁছে যায় চূড়ান্ত পর্বে।বাছাইপর্বেই পল লি গুয়েন আস্থা রেখেছিলেন তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের ওপর। সেই আস্থার প্রতিদান পেয়েছেন তিনি হাতেনাতে। এবার বিশ্বকাপের দল ঘোষণার সময় তাই তরুণদের প্রতিই তাঁর সর্বাধিক আস্থা। অভিজ্ঞ ইতো, ইদ্রিসুদের পাশাপাশি এরোলেন চেদোজোউ, গায়েতান বংদের মতো তরুণেরা দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। অধিনায়ক হিসেবে অবশ্য অভিজ্ঞ স্যামুয়েল ইতোকেই বেছে নিয়েছেন কোচ পল লি গুয়েন।১৯৯০ সালের বিশ্বকাপে এন কনো, ওমাম বিয়িক, জিন ক্লদে পাগাল আর রজার মিলারা গোটা ফুটবল বিশ্বকেই কাঁপিয়ে দিয়েছিলেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে দু-দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিদায় নেওয়া সেই দলটির উত্তরসূরিরা এবারও বিশ্বকাপে ভালো কিছু করতে প্রত্যয়ী। এমনকি কয়েকজন খেলোয়াড় তো কয়েক ধাপ এগিয়ে বিশ্বকাপ জেতারই স্বপ্ন দেখছেন। স্টেফানে অ্যাম্বিয়া তো বলেই ফেলেছেন, ‘বিশ্বকাপ ট্রফিটা আমি আমার হাতেই দেখতে পাচ্ছি।’ এমন সাহসী কথাবার্তা তাঁদেরই মুখে মানায়, যাদের সাহস আছে। আর সাহসই তো অনেক বস্তু মিলিয়ে দেয়। সেই সাহস আফ্রিকার অদম্য সিংহদের পুরোপুরিই আছে। অ্যাম্বিয়া যা বলেছেন, তা পুরোপুরি না হলেও তার কাছাকাছি কিছু করে দেখানোরও মতো সামর্থ্য ক্যামেরুনের অবশ্যই রয়েছে।