গত সেপ্টেম্বর মাসে ঢাকায় হয়ে গেল বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডের খেলা। ৩০ নভেম্বর থেকে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। এবার হবে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি, আর তাতে বাংলাদেশ ছাড়াও খেলবে ওমান, চীনা তাইপে, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
৩০ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যুবদলের এএইচএফ কাপ অভিযান। ১ ডিসেম্বর চীনা তাইপে, ৪ ডিসেম্বর ওমান ও ৬ ডিসেম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ। ফাইনাল ৭ ডিসেম্বর।
টুর্নামেন্ট সামনে রেখে ১০ অক্টোবর অনুশীলন ক্যাম্প শুরু করেছে ফেডারেশন। আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার আগে আটটি প্রস্তুতি ম্যাচ খেলতে ২ নভেম্বর ভারত যাওয়ার কথা যুবদলের। সেখানে বাংলাদেশের যুবারা খেলবে পাঞ্জাব, চণ্ডীগড়, লুধিয়ানা, পাতিয়ালা ও অমৃতসরের হকি দলের সঙ্গে। যুবদল হলেও এই দলে আছেন জাতীয় দলের অসীম, নিপ্পন, সিতুল, খোরশেদ, সালমান, সারোয়ার, কৌশিক, মিলন ও রকি। বাকিদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। তবু চ্যাম্পিয়ন হওয়ার আশা যুবদলের কোচ মামুনুর রশীদের, ‘এই দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। ভারতে গিয়ে আমরা প্রস্তুতি ম্যাচ খেলব। আশা করি, চ্যাম্পিয়ন হব আমরা।’