নভেম্বরে সিদ্ধান্ত শচীনের
শচীন টেন্ডুলকার ক্রিকেট থেকে অবসর নেবেন কবে? প্রশ্নটা দীর্ঘদিনের। লিটল মাস্টার সব সময় জানিয়ে এসেছেন, এখনই অবসর নয়। তবে এবার বোধ হয় কঠোর সিদ্ধান্তটা নিয়েই ফেলবেন শচীন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক জানিয়েছেন, নিজের ভবিষ্যত্ নিয়ে আগামী নভেম্বরে সিদ্ধান্ত নেবেন তিনি।নভেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। ওই সিরিজটাই লক্ষ্য শচীনের। ‘এখনই অবসর নেওয়ার প্রয়োজন মনে করছি না। নভেম্বরে খেলার পরই নিজেকে মূল্যায়ন করব। আমার বয়স এখন ৩৯। আমি মনে করি না, আমার সামনে আরও অনেক ক্রিকেট পড়ে আছে। তবে এটা নির্ভর করছে আমার মানসিক শক্তির ওপর, শারীরিক সামর্থ্যের ওপর। যখন মনে হবে দলের জন্য কিছু করতে পারছি না, তখন নতুন করে ভাবতেই হবে আমাকে। তা ছাড়া চীরদিন ক্রিকেট খেলি, এটাও লোকে প্রত্যাশা করে না।’ ভারতীয় ইংরেজি সংবাদ চ্যানেল টাইমস নাউকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন শচীন টেন্ডুলকার। সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শচীনের অবসর নেওয়ার দাবিটা জোরালো হয়। পর তিন ইনিংসে বোল্ড হন লিটল মাস্টার। এর মানে, বোল্ড হওয়ার হ্যাটট্রিক! শচীনের জন্য তো বটেই, যে কোনো ব্যাটসম্যানের জন্যই ব্যাপারটা অমর্যাদাকর।রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে, বলের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলতে পারেননি এ সময়ের সেরা এই ব্যাটসম্যান। তাঁর ব্যাট ও প্যাডের মধ্যেও ছিল যথেষ্ট ফাঁক। শচীনের আউট হওয়ার ধরন দেখে ভারতের আরেক ব্যাটিং জিনিয়াস সুনীল গাভাস্কার মন্তব্য করেছিলেন, ‘শচীনের খেলায় বয়সের ছাপ পড়েছে। ব্যাট ও প্যাডের মধ্যে যথেষ্ট ফাঁক ছিল। গ্রেট ব্যাটসম্যানের জন্য এটা ভালো লক্ষণ নয়।’গাভাস্কারের এই মন্তব্য সম্পর্কে শচীন বলেন, ‘এ ধরনের প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। আমার বয়স যখন ২৫ বছর ছিল, তখন এই তিনটি উইকেটের ঘটনা ঘটলে অবসরের প্রশ্ন উঠতো না। ঘটনাক্রমে এমন সময়ে ঘটনাটা ঘটেছে, যখন আমার বয়স ৩৯। এ কারণেই প্রশ্নটা উঠেছে। এটাই স্বাভাবিক।’