নভেম্বরের আগে ফিরছেন না বেকহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ তো গেলই ডেভিড বেকহামের, খেলতে পারবেন না মেজর লিগ সকারেও (এমএলএস)। পুরো ফিট হয়ে মাঠে ফিরতে আরও মাস তিনেক সময় লাগবে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আসছে নভেম্বরে মাঠে নামতে পারবেন।তার মানে এমএলএসে বেকহামের দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (এলএ গ্যালাক্সি) প্লে-অফ পর্যন্ত না যেতে পারলে এ মৌসুমে আর এই ক্লাবের জার্সি গায়ে উঠছে না সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। এসি মিলানের হয়ে খেলার সময় গত মার্চে গোড়ালিতে চোট পেয়েছিলেন বেকহাম। পরের দিনই অস্ত্রোপচার করিয়েছেন। ডাক্তার বলেছিলেন, সেপ্টেম্বরেই মাঠে ফিরতে পারবেন। কিন্তু পরশু বেকহাম জানালেন, ‘আগামী তিন মাসের মধ্যে আমি দৌড়াতেই পারব না। সম্ভবত আবার মাঠে ফিরতে পারব নভেম্বরে।’এত দেরি কেন হবে, বেকহাম সেই ব্যাখ্যাটাও দিয়েছেন, ‘এটা এমন এক ধরনের চোট, যা সারতে সময় লাগে। অস্ত্রোপচার করানোর পর তো কেবল ৬ সপ্তাহই গেল। থেরাপি দেওয়া শুরু করেছি ১০ দিন হলো। আমি দ্রুতই সেরে উঠতে চাই। কিন্তু এই ধরনের চোটে তা সম্ভব নয়।’ এএফপি।