নয় ম্যাচে জয় দিয়ে শুরু গার্দিওলার বায়ার্ন-যাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোই বলে দিচ্ছে, ট্রেবলজয়ী বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্বটা সঠিক হাতেই পড়েছে। পেপ গার্দিওলা জয় পেয়েছেন টানা নয়টি ম্যাচে! জয়ের ব্যবধানগুলোও তাক লাগিয়ে দেওয়ার মতো। ১৫-১, ১৩-০, ৯-১। সর্বশেষ প্রীতি ম্যাচটিতে স্প্যানিশ চ্যাম্পিয়ন, তাঁরই ফেলে আসা ক্লাব বার্সেলোনাকেও ২-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। যেন মনে হচ্ছে ইয়ুপ হেইঙ্কেস যে অবস্থায় রেখে গিয়েছিলেন ট্রেবলজয়ী বায়ার্নকে, ঠিক সেখান থেকেই শুরু করেছেন গার্দিওলা। তবে প্রশংসায় ভেসে না গিয়ে মাটিতেই পা রাখছেন এই স্প্যানিশ কোচ। চিরঅতৃপ্ত, সাফল্যের অনিঃশেষ ক্ষুধা ধরে রাখা আদর্শ কোচের মতো তিনি বলছেন, ভালোর কোনো শেষ নেই। করতে হবে আরও উন্নতি।

বার্সেলোনাকে বাদ দিলে প্রীতি ম্যাচগুলোর বেশির ভাগই অবশ্য বায়ার্ন খেলেছে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে। তাই জয়গুলো মোটেই অপ্রত্যাশিত ছিল না। তবে বুন্দেসলিগার প্রতিপক্ষ হামবুর্গকে ৪-০ ও বুরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৫-১ গোলে হারিয়ে নিশ্চয়ই আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বায়ার্ন শিবির। প্রাথমিক এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গার্দিওলাও। কিন্তু শিষ্যদের যে আরও উন্নতি করতে হবে সেটাও মনে করিয়ে দিতে ভোলেননি, ‘এখন পর্যন্ত যা হয়েছে তাতে আমি খুশি কিন্তু আমাদের আরও কিছু সময় দরকার। চূড়ান্তভাবে প্রস্তুত হতে আমাদের আরও খানিকটা উন্নতি করতে হবে।’

আগামীকাল এবারের মৌসুমের প্রথম বড় ম্যাচে মাঠে নামতে হবে বায়ার্ন মিউনিখকে। ডিএফএল-সুপারকাপ জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বুরুশিয়া ডর্টমুন্ড। বায়ার্ন যে মৌসুমের প্রথম শিরোপাটি জিতেই ট্রেবল জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে চাইবে তাতে কোনোই সন্দেহ নেই। গার্দিওলা পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

এক বছরে ছয়টি প্রধান ক্লাব ট্রফির সবগুলো জেতার একমাত্র ইতিহাস তাঁরই হাত ধরে রচনা করেছিল বার্সেলোনা। গত মৌসুমে ট্রেবল জেতা বায়ার্নের সামনেও এখন এক বছর ছয়টি ট্রফি জেতার সুযোগ। জিততে হবে জার্মান সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ। তাহলেই হেইঙ্কেস-গার্দিওলা মিলে ছয়ের বৃত্ত পূর্ণ হবে। তারই প্রথম ধাপ আগামীকাল।