নরউডের কাছে রোনালদোর স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের হয়ে শততম ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনালদো শেষমেশ ভুলেই যেতে চাইবেন। নিজে তো গোল পানইনি, পুঁচকে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে পর্তুগালও পারেনি জিততে। তবে আয়ারল্যান্ডের অলিভার নরউড ম্যাচটা ঠিকই রেখে দেবেন স্মৃতির মণিকোঠায়। রোনালদোর মাইলফলক ছোঁয়া জার্সিটা যে তিনিই পেয়েছেন! হাডার্সফিল্ডের এই অখ্যাত তরুণ কীভাবে পেলেন জার্সিটা? খানিকটা কাঠখড় তো এ জন্য পোড়াতেই হয়েছে। নরউড ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদলের সদস্য। পরে মূল দলে ঠাঁই না পেলে চলে যান হাডার্সফিল্ডে। তবে রিও ফার্ডিনান্ডের সঙ্গে যোগাযোগ তাঁর ঠিকই ছিল, দুজনের এজেন্ট যে একজনই। ফার্ডিনান্ডের কাছে গত সপ্তাহেই জার্সির জন্য আবদার করেছিলেন। পরের ঘটনা শুনুন অলিভারের মুখেই, আমি তাঁকে (ফার্ডিনান্ডকে) বুঝিয়ে বলেছিলাম রোনালদোর শার্ট পাওয়াটা আমার জন্য কতটা দরকার। জানতে চেয়েছিলাম সম্ভাবনাটা আসলেই কতটুকু। আশা ছিল কাজ হয়ে যাবে, তার পরও নিশ্চিত হওয়ার জন্য ম্যাচ শুরুর আগে রোনালদোর কাছে গিয়ে নিজের পরিচয় দিলাম। সে আমাকে বলল, “হ্যাঁ, রিও সঙ্গে আমার কথা হয়েছে, জার্সিটা তোমার।”’ জার্সিটার দিকে চোখ ছিল অনেকেরই, তবে রোনালদো তাঁর কথা রেখেছেন। ড্রয়ের হতাশায় মেজাজটা সুপ্রসন্ন ছিল না বটে, তবে অলিভারকে বিমুখ করেননি। করমর্দন করে নাকি বলেছেন, ‘আমি ভুলে যাইনি। তুমি আমার শার্টটা নিতে পারো।’ জার্সিটা সারা জীবন যত্ন করে রেখে তো দেবেনই, বুড়ো বয়সে নাতিপুতিদের বলার মতো চমৎকার একটা গল্পও পেয়ে গেলেন অলিভার! ওয়েবসাইট।