নর্থ এখন চাপে অভ্যস্ত
লর্ডসে পাকিস্তানের বিপক্ষে দলের জয়ের নায়কদের একজন তিনি। তার পরও ঠিক স্বস্তিতে নেই মার্কাস নর্থ। দলে জায়গাটাই যে এখনো পাকা করতে পারেননি! লর্ডসে দলকে জিতিয়েছেন পার্টটাইম অফ স্পিনে ৬ উইকেট নিয়ে। কিন্তু চরম ব্যর্থ আসল জায়গাটিতেই। ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন ৩ আর ২০ রান। দলে জায়গা ধরে রাখা নিয়েই তাই এখন শঙ্কায় এই মিডল-অর্ডার। নর্থ অবশ্য আত্মবিশ্বাসী, জয় করতে পারবেন এই চাপ। তবে হেডিংলি টেস্টে খেলতে হলে এই ব্যাটসম্যানকে আগে কাটাতে হবে পাকস্থলীর সমস্যা। যে কারণে কাল মিস করেছেন দলের অনুশীলন।কিছুদিন ধরে অবশ্য নিয়মিতই চাপে আছেন নর্থ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে সেঞ্চুরি করে টেস্ট অভিষেক, পরের পাঁচ টেস্টে সেঞ্চুরি করেছিলেন আরও দুটি। কিন্তু পরের ১০ টেস্টে সেঞ্চুরি করতে পেরেছেন মোটে একটি। এই পাকিস্তানের বিপক্ষেই গত ডিসেম্বর-জানুয়ারিতে তিন টেস্টের সিরিজে সর্বোচ্চ রান ছিল ২১! চলে গিয়েছিলেন দল থেকে বাদ পড়ার কাছাকাছি। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজে একটি সেঞ্চুরি করায় জায়গাটা ধরে রাখতে পেরেছেন, কিন্তু আবারও ব্যর্থ হলেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে। তবে নর্থ বলছেন, গত কিছুদিনে এই জিনিসটার সঙ্গে নাকি ভালোই মানিয়ে নিয়েছেন, ‘এই অস্ট্রেলিয়ান গ্রীষ্মে চাপটার সঙ্গে আমি ভালোভাবেই পরিচিত হয়েছি, ক্রমাগত অণুবীক্ষণ যন্ত্রের নিচে থাকাটাও মানিয়ে নিতে শুরু করেছি। একজন পেশাদার ক্রীড়াবিদের এমনটাই হওয়া উচিত। আমি এসব নিয়ে খুব একটা ভাবি না।’১৬ টেস্টের ক্যারিয়ারে ৪টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে নর্থের রান ৯৬৫, গড় ৪০.২০। এই বাঁহাতির ব্যাটিংয়ে সবচেয়ে বড় যে দুর্বলতা বিশেষজ্ঞরা বের করেছেন, তা হলো ইনিংসের শুরুতে তিনি প্রচণ্ড নড়বড়ে। টেস্টে তাঁর ২৬ ইনিংসের ১৩টিতেই আউট হয়েছেন বিশের নিচে। ব্যাপারটা বুঝতে করতে পারছেন নর্থ নিজেও, ‘কোনো সন্দেহ নেই প্রথম ২০-৩০টি বল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ...রেকর্ডই এর প্রমাণ। আমি নিজেও ব্যাপারটা খুব ভালোভাবে জানি। মনঃসংযোগ বাড়াতে আমি কাজ করছি, আশা করছি, দ্রুতই এই সমস্যা কাটিয়ে উঠতে পারব।’বল হাতে লর্ডসের পারফরম্যান্সে অনেকে আবার তাঁর মধ্যে পরিপূর্ণ অলরাউন্ডারের ছায়া দেখতে শুরু করেছেন। যদিও নর্থ নিজেকে ঠিক অলরাউন্ডার ভাবছেন না। তবে বল হাতে এভাবে দলের জন্য অবদান রাখতে চান আরও, ‘আমাকে ভুল বুঝবেন না, আমি দলের এক নম্বর স্পিনার নই। তবে বল হাতে পেলে কিছু একটা করতে পারি, এই বিশ্বাস আছে। আমি স্রেফ একজন পার্টটাইমার নই, নিয়মিতই উইকেট নিয়ে অন্য বোলারদের সাহায্য করতে পারি।’ ওয়েবসাইট।