নর্থের সেঞ্চুরি, সমান তালে লড়ছে ভারত
আগের দিন অপরাজিত ছিলেন ৪৩ রানে। আজ একে একে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি দুটিই। যেভাবে খেলছিলেন, তাতে ইনিংসটা আরও বড় হতে পারত। মার্কাস নর্থের ১২৮ রানের ওপর ভর করে ব্যাঙ্গালোর টেস্টের প্রথম ইনিংসে ৪৭৮ রানে তুলেছে অস্ট্রেলিয়া। জবাবে শচীন টেন্ডুলকার ও মুরালি বিজয়ের নৈপুণ্যে দ্বিতীয় দিন শেষে ভারতীয় দলের সংগ্রহ ২ উইকেটে ১২৮ রান। প্রথম দিনের খেলা শেষে অপরাজিত ছিলেন মার্কাস নর্থ ও টিম পেইন। আজ রোববার অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটে আলো ছড়িয়েছেন এ দুজনই। প্রথমজন সেঞ্চুরি পেয়েছেন, আর ওঝার শিকারে পরিণত হওয়ার আগে পেইন খেলেছেন ৫৯ রানের ইনিংস।সাধারণত টেস্টের শেষের দিকে গিয়ে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। এ দিক থেকে ব্যাঙ্গালোর টেস্টকে ব্যতিক্রমই বলতে হবে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট গেছে পেসারদের দখলে। সৌভাগ্যবান সেই বোলারের নাম জহির খান। ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেছেন হরভজন সিং। এ ছাড়া ওঝা তিনটি ও রায়না একটি উইকেট লাভ করেন।ব্যাট করতে নেমে ভারতকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন মুরালি বিজয় ও বীরেন্দর শেবাগ। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন শেবাগ। তাঁর জায়গায় খেলতে আসা রাহুল দ্রাবিড় পারেননি, জনসনের শিকারে পরিণত হওয়ার আগে তিনি সংগ্রহ করেন মাত্র ১ রান। তবে ভারতীয় দলের ইনিংসকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন মুরালি বিজয় ও শচীন টেন্ডুলকার। টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক অতিক্রম করা শচীন অপরাজিত আছেন ৪৪ রানে, আর মুরালি বিজয় ৪২ রানে।—ক্রিকইনফো