নর্দাম্পটন জিতে নিল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯ সালের ৩১ মে। বাংলাদেশ তখনো টেস্ট পরিবারের অংশ হয়নি। বিশ্ব ক্রিকেটের চুনোপুটি বলতে যা বোঝায়, পরিচয়টা তেমনই ছিল বাংলাদেশের। টেস্ট পরিবারভুক্ত কোনো দেশের সঙ্গে খেলা হলে ‘ক্রিকেট পণ্ডিত’ ধারাভাষ্যকারদের তুচ্ছ-তাচ্ছিল্য ইত্যাদি সে সময় ছিল নিত্যকার ঘটনা। টেলিভিশন ধারাভাষ্যে বাংলাদেশের ক্রিকেটারদের নামটা পর্যন্ত অনেক সময় ঠিকমতো উচ্চারণ করতে পারতেন না কয়েকজন ধারাভাষ্যকার। এসব নিয়ে এ দেশের মানুষের মনে কষ্ট, অপূর্ণতা থাকলেও ’৯৯-এর বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটকে নতুন পরিচয়ে পরিচিত করেছিল, এনে দিয়েছিল ক্রিকেট বিশ্বে মর্যাদার আসন। সেদিনের পর অন্তত খালেদ মাহমুদ, খালেদ মাসুদ, আমিনুল ইসলাম, মিনহাজুল আবেদীন, মোহাম্মদ রফিক, আকরাম খান প্রমুখের নাম বিশ্ব ক্রিকেটে পরিচিত হয়ে উঠেছিল, এ কথা হলফ করেই বলা যায়।১৯৯৯-এর বিশ্বকাপে বাংলাদেশের মূল লক্ষ্য ছিল স্কটল্যান্ডকে হারানো। পাকিস্তানের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচের এক সপ্তাহ আগে এডিনবরায় স্কটল্যান্ডকে ২২ রানে হারিয়ে সেই সাফল্যগাঁথা রচিত হয়ে যাওয়ায়, স্বাভাবিকভাবেই বাংলাদেশ একেবারে নির্ভার হয়ে সেদিন মাঠে নেমেছিল। প্রতিপক্ষ পাকিস্তানও নির্ভার ছিল। কারণ, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই পাকিস্তান দলের সুপার সিক্স নিশ্চিত হয়ে গিয়েছিল।একভাবে হিসাব করলে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ পূর্ণশক্তির দল ছিল না। স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়কে বিশ্বকাপ খেলার স্বাদ দেওয়ার অংশ হিসেবে একাদশের বাইরে ছিলেন দলের দুই মূল পেসার হাসিবুল হোসেন ও মঞ্জুরুল ইসলাম। এঁদের দুজনের পরিবর্তে বাংলাদেশের হয়ে সেদিন খেলেছিলেন পুরো বিশ্বকাপে একটি ম্যাচেও না খেলা পেসার শফিউদ্দিন আহমেদ ও অলরাউন্ডার নিয়ামুর রশীদ। অন্যদিকে, পাকিস্তানের সুপার সিক্স নিশ্চিত হলেও কোনো এক কারণে তারা পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে। উপরন্তু, সেই দলে আবদুল রাজ্জাকের পরিবর্তে ওয়াকার ইউনুসকে খেলিয়ে বোলিং শক্তি অনেকটাই বাড়িয়ে নেয় তারা। রাজ্জাককে বসিয়ে ওয়াকারকে খেলানোর সিদ্ধান্তটা যে কতটা আত্মঘাতী ছিল, তা পাকিস্তান অবশ্য হাড়ে হাড়ে টের পাওয়া শুরু করে ম্যাচ মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গে।টস জিতে পাকিস্তানের অধিনায়ক ওয়াসিম আকরাম বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। সে সময় দুরন্ত ফর্মে থাকা ওয়াসিম আকরাম, শোয়েব আকতার ও ওয়াকার ইউনুস তিনজনের সাঁড়াশি আক্রমণের মধ্যেও বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন দুজনে পাকিস্তানের বিশ্বসেরা বোলারদের পাড়ার বোলারের স্তরে নামিয়ে নিয়ে এসে ব্যাট চালানো শুরু করেন। অবশ্য এ দুজনের মধ্যে শাহরিয়ার হোসেনই ছিলেন বেশি আক্রমণাত্মক। হু হু করে স্কোরবোর্ডেও জমা হয়ে যায় ৬৯ রান। এ সময় ওয়াসিম আকরাম রানের গতি থামাতে আক্রমণে নিয়ে আসেন সাকলাইন মুশতাককে। এসেই বাজিমাত সাকলাইনের। মেহরাবকে স্ট্যাম্পড করে পাকিস্তানকে তিনি এনে দেন স্বস্তির উপলক্ষ। মেহরাব হোসেন আউট হয়ে যাওয়ার পরপরই সঙ্গী হারানোর বেদনাতেই কি না, মাঠে আর মন বসল না শাহরিয়ারের। সেই সাকলাইনের বলেই এলবিডব্লিউ হয়ে একই ওভারে ফিরে গেলেন তিনি। এরপর ১৫ রানে শহীদ আফ্রিদির বলে অধিনায়ক আমিনুল আউট হলে কিছুটা বিপদেই পড়ে যায় বাংলাদেশ। কিন্তু, উইকেটের আরেক প্রান্তে খেপা-ষাঁড়ের উন্মত্ততায় ব্যাট চালিয়ে যেতে থাকেন আকরাম খান। শোয়েব আকতার, ওয়াকার ইউনুস, আজহার মেহমুদ ও সাকলাইনকে তিনি খেলতে থাকেন দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে। ৪২ রানে তিনি ওয়াকারের বলে আউট হন। এর পাশাপাশি মিনহাজুল আবেদীন (১৪), নাঈমুর রহমান (১৩) নিজেদের ইনিংসের সূচনাটা করলেও তা এগিয়ে না নিয়ে যেতে পারার কারণে বাংলাদেশকে একপর্যায়ে কিছুটা পথ হারা পথিকই মনে হতে শুরু করেছিল। লেট অর্ডারে খালেদ মাহমুদ ও খালেদ মাসুদ ২৭ ও ১৫ রান করে বিপর্যয় সামলিয়ে দলকে নিয়ে যান ২০০ রানের ওপারে। ’৯৯-এর বিশ্বকাপে প্রথমবারের মতো ২০০ রানের কোটা পেরোয় বাংলাদেশ। ঝুলিতে জমা হয় ২২৩ রানের মোটামুটি লড়িয়ে এক পুঁজি।বাংলাদেশের দ্বিতীয় সারির বোলিং আক্রমণের বিপক্ষে সাঈদ আনোয়ার, শহীদ আফ্রিদি, ইনজামাম-উল হক, ইজাজ আহমেদ, সেলিম মালিক, মঈন খান, আজহার মেহমুদদের নিয়ে গড়া পাকিস্তানি ব্যাটিং জয়ের জন্য প্রয়োজনীয় ২২৪ রান তুলতে পারবে না, সে সময়ের বিচারে তা ছিল অকল্পনীয় এক ঘটনা। কিন্তু, খালেদ মাহমুদের প্রথম ওভারেই দলীয় পাঁচ রানের মাথায় আফ্রিদি আউট হয়ে গেলে নড়ে-চড়ে বসে গোটা বাংলাদেশ। শফিউদ্দিন আহমেদের একটি বলে ইজাজ আহমেদ বোল্ড হলে প্রচণ্ড চাপের মুখে পড়ে যায় পাকিস্তান। শুধু তা-ই নয়, দলীয় ২৬ রানে ইনজামাম-উল হকের সঙ্গে এক ভুল বোঝাবুঝিতে সাঈদ আনোয়ার রান আউট হলে জয়ের গন্ধ পাওয়া শুরু করে বাংলাদেশ। এরপর, খালেদ মাহমুদ ইনজামামকে এলবিডব্লিউ করে পাকিস্তানকে পরিণত করেন ২৯/৪-এ। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সেলিম মালিক ও আজহার মেহমুদ নতুন করে পথ চলা শুরু করেন। কিন্তু, সেই খালেদ মাহমুদ সেলিম মালিককে ব্যক্তিগত পাঁচ রানে ফিরিয়ে দেন। এরপর ওয়াসিম আকরাম, মঈন খান ও আজহার মেহমুদ যথাক্রমে ২৯, ২৯ ও ১৮ রান করে পরিস্থিতি কিছুটা অনুকূলে নিয়ে এলেও বাংলাদেশের পক্ষে আঘাত হানেন মিনহাজুল আবেদীন ও নাঈমুর রহমান। আজহার মেহমুদ, ওয়াসিম আকরামের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলে পাকিস্তানের স্কোরবোর্ড পরিণত হয় ১২৪/৮। স্বপ্ন পূরণের খুব কাছাকাছি এসে বাংলাদেশের ক্রিকেটাররা তখন রীতিমতো ঝাঁপিয়ে পড়েছেন প্রবল প্রতিপক্ষ পাকিস্তানের ওপর। গোটা দেশ তখন অপেক্ষায়, অবিস্মরণীয় এক জয়ের জন্য। পাকিস্তানের শেষ তিন ব্যাটসম্যান সাকলাইন মুশতাক, ওয়াকার ইউনুস ও শোয়েব আকতার তখনো হার মেনে নিতে রাজি নন। সাকলাইন ২১, ওয়াকার ১১ রান করলে জয়ই কেবল বিলম্বিত হতে থাকে বাংলাদেশের। কিন্তু, মোহাম্মদ রফিকের বলে ওয়াকার বোল্ড হয়ে গেলে জয় একেবারে হাতের মুঠোয় চলে আসে বাংলাদেশের। এরপর সাকলাইনকে রান আউট করে জয়ের আনুষ্ঠানিকতা সারেন বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া সেই জয়ে তখন উন্মত্ত নর্দাম্পটন থেকে শুরু করে ঢাকার প্রতিটি প্রতিটি বাংলাদেশি। ক্রিকেট বিশ্বে নিজেদের প্রমাণের প্রথম মাইলফলক অতিক্রম করে গোটা বাংলাদেশের চোখেই তখন আনন্দাশ্রু। সেই আনন্দাশ্রুতে ঝাপসা হয়ে ওঠা চারদিকে তখন কেবলই ‘বাংলাদেশ’ আর ‘বাংলাদেশ’।