
নর্দে, নর্দে, নর্দে!
ঢাকার ফুটবলে এখন যেন একটাই আওয়াজ।
হবে নাই-বা কেন! হাইতিয়ান ফরোয়ার্ড যে আলো ছড়িয়েই চলেছেন। গত মৌসুমে শেখ রাসেলকে ট্রেবল জিতিয়েছেন। এবার তো শেখ জামালের জার্সি গায়ে আরও উজ্জ্বল। কাল নর্দে-ঝলকে শেখ জামাল উঠে গেল ফেডারেশন কাপের সেমিফাইনালে।
মোহামেডানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৩-১ ব্যবধানের সহজ জয়ে নর্দের গোল দুটি। তিনিই গড়ে দিলেন ম্যাচের পার্থক্য। মোহামেডান শুরু থেকেই বলে আসছিল, তাদের বিদেশিদের মান অন্য বড় দলের চেয়ে খারাপ। কালও সেটিই দেখা গেল। গ্রুপের দুই ম্যাচে তিনটি গোলের পর কাল দুটি মিলিয়ে নর্দে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
এমনিতেই কাগজে-কলমে শেখ জামাল এবারের মৌসুমের সেরা দল। মাঠেও তারা সেটি প্রমাণ করেছে কাল। বিশেষ করে নর্দে বল পেলেই রক্ষণ আতঙ্কে ভুগেছে।

অবশ্য এটাও সত্যি, ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি মোহামেডান রক্ষণ গোল পেতে ‘সাহায্য’ করেছে নর্দেকে।
৩৪ মিনিটে নর্দের প্রথম গোলটার সময় মোহামেডানের দুই ডিফেন্ডার বক্সে নিষ্ক্রিয় ছিলেন। তাঁদের মাঝখান দিয়ে ঢুকেছেন নর্দে। তপু বাঁ দিক দিয়ে বল নিয়ে বেরোনার সুযোগ দেওয়ায় গোলের জন্য মরিয়া নর্দে বক্সের ওপরে চকিতে বেরিয়ে কোনাকুনি শটে পরাস্ত করলেন মোহামেডান গোলরক্ষক মামুন খানকে (১-০)।
৫৫ মিনিটে মামুনুলের কাছ থেকে পাওয়া থ্রু ধরে বক্সের বাইরে থেকে তীব্র শটে নর্দের দ্বিতীয় গোল (২-০)। এই গোলের সময়ও মোহামেডান রক্ষণ গোললাইন নিশ্ছিদ্র রাখতে পারেনি। চতুর নর্দে সেই সুযোগই নিয়েছেন।
দুই গোলে এগিয়ে যাওয়া মানে ম্যাচ অনেকটাই শেখ জামালের হাতের মুঠোয়। তার পরও মোহামেডান জ্বলে ওঠার চেষ্টা করতেই ৮৩ মিনিটে খেল তৃতীয় গোল। এটি অধিনায়ক মামুনুলের প্রায় ২৫ গজ দূর থেকে দারুণ এক গড়ানো শটে।
মোহামেডানের প্রধান কোচ অসুস্থ সাইফুল বারী বাসায়, সহকারী কোচ জুয়েল রানা সংবাদ সম্মেলনে বললেন, ‘বিদেশিরাই পার্থক্য গড়ে দিয়েছে।’ তবে মোহামেডানের সান্ত্বনাসূচক একমাত্র গোলটি কিন্তু বিদেশির পা থেকেই এল। যার ওপর সবচেয়ে বেশি আশা ছিল, সেই মিসরীয় স্ট্রাইকার মোস্তফাকে সে অর্থে কোনো বলই বাড়াতে পারেনি মোহামেডানের মাঝমাঠ। তার পরও তৃতীয় গোল খেয়ে জাহিদের বদলি হিসেবে নেমেই ব্যবধান কমান নাইজেরিয়ান চার্লস (৩-১)। মিলিত আক্রমণ থেকে ৮৪ মিনিটে বুদ্ধিদীপ্ত শটে আসে মোহামেডানের এই গোল।
জাহিদ-এমিলি কিছুই করতে পারলেন না। জাহিদ আগের দুই ম্যাচে ভালো খেললেও কাল অনুজ্জ্বল। মোহামেডানের সবচেয়ে বড় সমস্যা, এদিন নিচ থেকে খেলা তৈরি করতে পারেনি। তাই লম্বা বল বেশি খেলছিল। সহজেই তা প্রতিপক্ষের রক্ষণদেয়ালে বাধা পেয়ে ফিরে আসে।
প্রায় ভরে যাওয়া মোহামেডান গ্যালারি প্রিয় দলের খেলায় হতাশ, তবে যোগ্যতর দল হিসেবেই জিতেছে জামাল। জয়-পরাজয় একপাশে রেখে হাজার দশেক দর্শক বঙ্গবন্ধু স্টেডিয়াম বেশ জমাট একটা ম্যাচই উপভোগ করল।
গুরুত্বপূর্ণ তথ্য, শেখ জামালের জয়ের নায়ক নর্দেকে ৬৪ মিনিটে গুরুতর ফাউল করেন মোহামেডান মিডফিল্ডার সিসান। হাঁটুতে চোট নিয়ে সঙ্গে সঙ্গেই নর্দেকে যেতে হয়েছে হাসপাতালে। সেমিফাইনালে নর্দে খেলতে পারবেন কি না সংশয়।
নর্দের ফাউলকে কেন্দ্র করে উত্তেজিত ছিলেন জামাল কোচ যোসেফ আপুসি। রেফারি তৈয়ব হাসান তাঁকে ডাগ-আউট থেকে মাঠের বাইরে পাঠান। সংবাদ সম্মেলনে এসে যোসেফ নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে সিসানকে হলুদ কার্ডের বদলে লাল কার্ড না দেখানোয় ক্ষুব্ধ আপুসি।
ম্যাচ জয়ের আনন্দে শেখ জামালের সঙ্গী নর্দের চোটজনিত হতাশা, যে জন্য দায়ী প্রতিপক্ষের ফুটবলার।