নর্দে-ওয়েডসনের গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর সনি নর্দের উদ্যাপন, তাঁকে অভিনন্দন জানাতে ছুটে আসছেন ওয়েডসন৷ শেখ জামালের দুই ফরোয়ার্ডই কাল করেছেন জোড়া গোল l প্রথম আলো
গোলের পর সনি নর্দের উদ্যাপন, তাঁকে অভিনন্দন জানাতে ছুটে আসছেন ওয়েডসন৷ শেখ জামালের দুই ফরোয়ার্ডই কাল করেছেন জোড়া গোল l প্রথম আলো

তিনটি গোলেরই জন্ম ১৯-৩০, এই ১১ মিনিটের ঝড়ে৷ শেখ জামালের হাতে শেষ পর্যন্ত ৪-১ গোলে বিধ্বস্ত শেখ রাসেল ক্রীড়াচক্র। গতবারের ট্রেবলজয়ীরা প্রিমিয়ার লিগের এই বড় ম্যাচে বিধ্বস্ত আসলে সনি নর্দে ও ওয়েডসনের কাছে। দুজনেরই গোল দুটি করে। হ্যাটট্রিক করা উচিত ছিল দুই হাইতিয়ানের। দুজনকেই আত্মতুষ্টিতে পেয়ে বসায় সেটা হয়নি। নইলে গোলের আরও বড় মালাই পরতে পারত ছন্নছাড়া শেখ রাসেল।
দারুণ শটে গোলের খাতা খুলেছিলেন নর্দে। দুই মিনিট পরই ওয়েডনসকে দিয়ে গোল করিয়েছেন। তৃতীয় গোলটাও নর্দের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তখন নর্দে-ওয়েডসনের বোঝাপড়া তুঙ্গে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ওয়েডসন করেন ৪-০, যেটি লিগে তাঁর ১৫তম গোল৷ খানিক বাদে আনোয়ারের কল্যাণে ৪-১।
শেখ জামালের আক্রমণের বড় অস্ত্র এমেকা ডার্লিংটন এদিন ছিলেন বাইরে। তাতে কী, নর্দে-ওয়েডসনই ব্যবধান গড়ে দিলেন। তাঁদের দ্রুতগতি, বুদ্ধিদীপ্ত পাস, চোখের পলকে জায়গা বদল, নিখুঁত শট...এসবের কোনো জবাবই দিতে পারেনি শেখ রাসেলের ভঙ্গুর রক্ষণ।
আগের ম্যাচে উত্তর বারিধারার সঙ্গে অপ্রত্যাশিত ড্রয়ের পর কোচ যোসেফ আপুসির মাথার ওপর টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে বসানো হয়েছে শেখ রাসেলের সদ্য বিদায়ী কোচ মারুফুল হককে। মারুফ কাল দলের সঙ্গে বেঞ্চে থাকলেন প্রথমবারের মতো। সাবেক দলের বিপক্ষেÿ এটি তাঁর ব্যক্তিগত জয়ও।
বেচারা দ্রাগান দুকানোভিচ! শেখ রাসেলের দায়িত্ব নিয়ে কলম্বো জয় করা মন্টেনেগ্রিয়ান কোচ ঘরোয়া ফুটবলে পাঁচ ম্যাচে জয়হীন। দুই ড্র, তিন হারে হতাশ, বিষণ্ন, ক্রুদ্ধ দুকানোভিচ, ‘শ্রীলঙ্কা সফরের পর এক দিনও কর্মকর্তারা দলের অনুশীলনে আসেননি। এদিকটায় তাদের নজর দেখছি না। আসলে দলটা গড়ার সময়ই গুরুতর ভুল হয়েছে। মাত্র পাঁচ-ছয়জন শেখ রাসেলে খেলার যোগ্যতা রাখে। বাকিদের এই দলে খেলার সামর্থ্য নেই। আমি জানি না দল কে গড়েছে, তবে এটা লজ্জানক।’

শেখ রাসেল কাল খেলল মাত্র একজন বিদেশি খেলোয়াড় নিয়ে। চুক্তি শেষে হাইতিয়ান প্যাসকেল চলে যাচ্ছেন দুই-এক দিনের মধ্যে। অন্যরা চলে গেছেন। দলটার হাত ফসকে লিগ শিরোপা বেরিয়ে গেছে আগেই। ১৫ ম্যাচে ৬ পরাজয়ে পয়েন্ট মাত্র ১৭। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্ব শেষ করল শীর্ষে থাকা শেখ জামাল। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর চেয়ে যারা এগিয়ে ৮ পয়েন্ট।
মুক্তিযোদ্ধার জয়: বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সানডে ও ইব্রাহিমের গোলে উত্তর বারিধারাকে হারাল মুক্তিযোদ্ধা (২-০)। ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা পয়েন্ট তালিকার চারে । বারিধারা আছে আটে, ১৮ ম্যাচে পয়েন্ট মাত্র ১২।

শেখ জামাল ৪: ১ শেখ রাসেল
মুক্তিযোদ্ধা ২: ০ বারিধারা

৩০ মিনিটেই স্কোরলাইন ৩-০। 

আজকের খেলা: ব্রাদার্স-বিজেএমসি, (বঙ্গবন্ধু স্টেডিয়াম, সন্ধ্যা ৬টা)৷