
শীতের সন্ধ্যায় মাফলার দিয়ে পুরো মাথা মুড়ে সংবাদ সম্মেলনে এলেন সৈয়দ নইমুদ্দিন। ব্রাদার্স কোচের মনটা ভীষণ খারাপ। একটু আগে তাঁর দল যেভাবে চূর্ণ হলো শেখ জামালের কাছে, কথা বলতে পারছিলেন না ভারতীয় কোচ! মৃদুস্বরে বলছিলেন, ‘ডিফেন্স খুব বাজে খেলল।’
হ্যাঁ, ব্রাদার্সের রক্ষণ কাল এমনই ভঙ্গুর ছিল, মাত্র ৩৫ মিনিটেই স্কোরলাইন ৩-১। পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলেও কেন এই ছন্নছাড়া অবস্থা সেটির ব্যাখ্যা নইমুদ্দিনের কাছে একটাই, ‘প্রস্তুতির সময়টা তো কম পেয়েছি।’
প্রস্তুতিতে কম হোক আর যা-ই হোক, সুযোগটা কাজে লাগাতে ভুললেন না এমেকা ডার্লিংটন। শেখ জামালের প্রথম তিনটি গোলই করে বাংলাদেশে নিজের প্রথম হ্যাটট্রিক পেয়ে গেলেন। ভালো হেড, পায়ে শটও ভালো, সুযোগসন্ধানী তো বটেই। ডার্লিংটনকে এভাবে বর্ণনা করা যায়। তাঁর জ্বলে ওঠার সন্ধ্যায় বাংলাদেশ লিগে এবার সবচেয়ে বড় ফেবারিট শেখ জামালের টানা দ্বিতীয় জয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেকে সময়মতো তুলে ধরলেন নাইজেরিয়ান স্ট্রাইকার, ফেডারেশন কাপটা যাঁর গোলবিহীন কেটেছিল।
১৮ মিনিটে গোলের সূচনা ডার্লিংটনের, ডান প্রান্ত থেকে বক্সে ঢুকে তাঁর কোনাকুনি শটে লক্ষ্যভেদ। ব্রাদার্স গোলরক্ষক রঘু দাঁড়িয়ে শুধু দেখলেন। ব্রাদার্স ম্যাচে ফিরল ২৯ মিনিটে, বক্সে কেস্টারকে ফাউল করা হলে পেনাল্টি থেকে গোল করেন ইসা।
এরপর ৩৩ ও ৩৫ মিনিটে ডার্লিংটনের মিনি ঝড়। দুই মিনিটের মধ্যে চোখের পলকে হ্যাটট্রিক পূর্ণ করে ফেললেন ২৬ বছর বয়সী স্ট্রাইকার। এ সময় ব্রাদার্সের ডিফেন্ডাররা খেই হারিয়ে পুরোপুরি এলোমেলো। রক্ষণের সমন্বয়ই ছিল না মাঠে।
ম্যান মার্কিং বলতে কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। দুই স্টপার সমান্তরালে দাঁড়িয়ে, এই সুযোগে দু-তিনজনকে কাটিয়ে ডার্লিংটন নিচু শটে ২-০ করলেন। দুই মিনিটে পর একই ভুল ব্রাদার্স রক্ষণের। গোল শোধের জন্য আক্রমণে উঠে উল্টো প্রতি-আক্রমণে গোল হজম।
শেখ জামালের হাইতিয়ান প্লে-মেকার সনি নর্দে প্রথম ম্যাচের মতো এদিনও থাকলেন মাঠের বাইরে। চোট সেরে উঠলেও কোচ তাঁর সেরা অস্ত্রকে এই ম্যাচেও বিশ্রামে রাখলেন, যাতে পরে নর্দেকে প্রয়োজনের সময় পান। সনিবিহীন জামাল দ্বিতীয়ার্ধে গোল বাড়তে প্রাধান্য নিয়েই খেলল। তবে চতুর্থ গোলটি এল খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে। নর্দের স্বদেশি ওয়েডসন ৪-১ করে দিলেন, বড় জয়ের তৃপ্তিই সঙ্গী হলো মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ ঘরে তোলা শেখ জামালের।
প্রথম দুটি ম্যাচেই হার। কালকের হার তো বাজে খেলে। ব্রাদার্সের কপালে যে কী অপেক্ষা করছে এ মৌসুমে কে জানে!