নর্দে-মরিসন দ্বৈরথও

সনি নর্দে ও ওসেই মরিসন। আবাহনী-শেখ জামাল সেমিফাইনালে দুই দলের সবচেয়ে বড় দুটি তাস। কে কতটা কার্যকর হয়ে উঠতে পারেন, তার ওপরই নির্ভর করছে দুই দলের মৌসুমসূচক টুর্নামেন্টের ফাইনালে ওঠা।
দুজনে এখন পর্যন্ত ফেড কাপে করেছেন সমান পাঁচটি করে গোল। আজও তাঁরা চাইবেন গোল করে দলকে জেতাতে। শেখ জামালের নর্দের সঙ্গে আবাহনীর মরিসনের অবশ্য পার্থক্য অনেক। নর্দে একই সঙ্গে গোল করেন ও গোল করান। প্রতিপক্ষের দুর্ভেদ্য রক্ষণ চিরে ফেলেন। তবে আজ কতটা স্বরূপে তিনি থাকতে পারেন, তা নিয়ে সংশয় থাকছে। মোহামেডানের বিপক্ষে শেষ আটের ম্যাচে পাওয়া চোট কাটিয়ে আজই যে মাঠে নামছেন তিনি। হাইতিয়ান এই ফরোয়ার্ড গত মৌসুমে শেখ রাসেল ট্রেবল জিতিয়ে এবার শেখ জামালের জার্সিতেও উজ্জ্বল। দক্ষতায় মরিসনের চেয়ে অনেক এগিয়ে। সৃষ্টিশীল ফুটবলার, প্লে-মেকার—এই শব্দগুলো খুবই মানানসই নর্দের নামের সঙ্গে।

নর্দেকে নজরবন্দী করা সম্ভব নয় কোনো দলের পক্ষেই, যেটা মরিসনকে সম্ভব। তবে মরিসন সুযোগসন্ধানী। চতুর এবং সুযোগ কাজে লাগাতে সারাক্ষণই তৎপর থাকেন। আজও নিজেকে সেভাবে তুলে ধরতে চান গত মৌসুমে মোহামেডানের জার্সি গায়ে লিগে সর্বোচ্চ ১২ গোল করা এই ঘানাইয়ান, ‘আমার কাজ গোল করা এবং সেমিতে গোল করে দলকে ফাইনালে তুলব আশা করি।’
মাঠে দর্শক শুধু গোল দেখতে আসে না, খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যও খুঁজে ফেরে তাদের চোখ। নর্দে এমনই দর্শক মন রাঙানো ফুটবলার। তাঁকে নিয়ে শেখ জামাল কোচ যোসেফ আপুসি কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বললেন, ‘নর্দের মতো আরও দু-একজন খেলোয়াড় থাকলে ঢাকার মাঠে আরও দর্শক আসত।’ নর্দে সেটি জানেন বলেই হয়তো বললেন, ‘আমি দলকে শুধু জেতাতেই চাই না, ভালো ফুটবলও খেলতে চাই।’
মরিসন কি পারবেন নর্দেকে ম্লান করে আজকের ম্যাচের সবটুকু আলো কেড়ে নিতে?