নর্দেকে আটকেই ‘সফল’ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভিআইপি লাউঞ্জটা গমগম করছিল ম্যাচ শুরুর আগে থেকেই। জাতীয় দলের সম্ভাব্য দুই ডাচ কোচ এসেছেন ম্যাচ দেখতে। শেখ জামাল-শেখ রাসেল বড় ম্যাচ দেখে তাঁরা অবশ্য কিছু বলেননি। তবে মাঠে দুই দলের শরীরী ভাষায় একটা বিবৃতি হয়তো পৌঁছাল কোচদ্বয়ের কাছে। গোলশূন্য ম্যাচটা সম্ভবত এই বার্তাই দিল, বাংলাদেশের ঘরোয়া ফুটবল দেখতে দর্শক না আসুক, দলগুলোর কাছে ম্যাচ মানে আসলেই লড়াই। অঙ্ক কষেও এখানে খেলা চলে। শেখ জামাল জানত শেখ রাসেলের সনি নর্দেকে আটকাতে পারলেই পয়েন্ট। তাঁকে বোতলবন্দী করতে তাই যা যা করার দরকার, সবই করেছে জামাল। হাইতিয়ান এই মিডফিল্ডার ফেডারেশন কাপের ফাইনালটা জামালের হাত থেকে কেড়ে নেন শেষ মিনিটে গোল করে। এদিন ভয়ংকর হতে হতেও পারলেন না। ২৪ মিনিটে তাঁর শট জামালের পোস্টে লাগার পর সনিকে আটকানো হলো কড়া ট্যাকলিংয়ের মাধ্যমে। লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্দে-অস্ত্র ভোঁতা করতে জামালের কোচ যোসেফ আপুসি পেছনে লাগিয়ে দেন মোহাম্মদ কন্টেকে। গুরুর নির্দেশ কন্টে অক্ষরে অক্ষরে পালন করেছেন। নর্দেকে মুক্ত হয়ে খেলতে দেননি। তাঁকে আট-দশবার পেছন থেকে ফাউল করা হয়েছে। রেফারিং নিয়ে বড় প্রশ্ন এ জায়গাটিতেই। শেখ জামাল অন্তত গোটা দুই লাল কার্ড দেখলেও বলার কিছু ছিল না। কিন্তু রেফারি তৈয়ব হাসানের পকেট থেকে লাল কার্ড দূরে থাক, হলুদ কার্ডই বেরিয়েছে মাত্র দুবার। এই রেফারিং পক্ষপাতদুষ্ট, অগ্রহণযোগ্য বলে ম্যাচের পর সংবাদ সম্মেলেন ক্ষোভ জানিয়ে গেলেন শেখ রাসেলের কোচ মারুফুল হক, ‘সনিকে (নর্দে) যেভাবে ফাউল করা হলো তাতে শেখ জামাল অন্তত চারটি লাল কার্ড দেখে, অথচ রেফারি সব এড়িয়ে গেলেন। এটা মেনে নেওয়া যায় না।’ওদিকে রেফারিং নিয়ে ম্যাচের পর খুশি দেখাল শেখ জামাল সভাপতি মনজুর কাদেরকে, ‘খুব ভালো রেফারিং হয়েছে।’ শেখ জামালের কোচ আপুসির ভাষ্য, ‘এটা আমার বিষয় নয়। রেফারিং নিয়ে আমি কিছু বলব না।’ তাঁকেও রেফারিং নিয়ে অখুশি মনে হয়নি।প্রথমার্ধটা ছিল শেখ জামালের। লম্বা বলেই বেশি গেছে দলটি। সানডে, ওতোজারেরি, কেস্টারের ত্রিমুখী আক্রমণে বার দুয়েক রাসেলের গোলমুখ প্রায় খুলেই গিয়েছিল। কিন্তু সানডে সহজ সুযোগ নষ্ট করায় গোল আসেনি। প্রথমার্ধটা সেভাবে গুছিয়ে খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে আসল চেহারায় ফিরেছে রাসেল। মামুনুল, তারেক, সনিদের নিয়ে গড়া মাঝমাঠ সক্রিয় হয়ে ওঠে। সুযোগও এসেছে বেশ কয়েকটি। সবচেয়ে সহজ সুযোগটা রাজন হাতছাড়া করেছেন। হাত খানেক দূর থেকেও ফাঁকা পোস্টে বল ঠেলতে পারেননি।ম্যাচ ড্র হওয়ায় লাভবান শেখ জামালই। সাত ম্যাচে অপরাজিত জামাল শীর্ষে রইল ১৭ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে রাসেলের পয়েন্ট ১৬, চ্যাম্পিয়ন আবাহনীর ১৬। ড্র ম্যাচটি লিগটাকে আরও জমিয়েই দিল।