শেখ জামালের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে। তাই উরুতে হালকা চোট পাওয়া সনি নর্দেকে বিশ্রামে রেখেই কাল নেমেছিল শেখ রাসেল। শেষ চার ম্যাচে জিতলেই লিগ চ্যাম্পিয়ন, এই সময়ে নর্দের চোট আরও বাড়লে সেটি একটা বড় ধাক্কা হবে। অতি সতর্ক রাসেল শেষ চারের প্রথম ম্যাচটি নর্দেকে ছাড়াই পেরিয়ে গেল। পিছিয়ে পড়েও ব্রাদার্সের বিপেক্ষ ২-১ গোলে জয়। যদিও নিজেরা গোল করার আগেই গোল খেয়ে একটু চাপে পড়ে গিয়েছিল রাসেল। চাপটা অবশ্য দ্রুতই কাটিয়ে ওঠে তারা। ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দ্রুতই এগিয়ে জয়সূচক গোলটিও তুলে নিয়েছে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল ব্রাদার্স। ফলও পেয়ে যায় ২০ মিনিটে। রাসেল ডিফেন্ডার বোজানকে কাটিয়ে ইউসুফ সিফাতের শট জালে। অনূর্ধ্ব-১৬ দলে খেলা তরুণের এটিই প্রথম গোল লিগে। রাসেলের গোলরক্ষক বিপ্লব এবং ডিফেন্ডার আব্বাস ইউনুসা কেউই বল আটকাতে পারেননি। এই গোলের পর নড়েচড়ে বসেছেন অনেকেই। ম্যাচে রাসেল পয়েন্ট হারালে লিগটা আরও জমে যেতে পারত। দুই প্রবল প্রতিদ্বন্দ্বী আবাহনী ও শেখ জামাল এখন রাসেলের অমঙ্গলই চাইছে। কিন্তু এই দুই দলের আশা পূরণ করতে পারেনি ব্রাদার্স। উল্টো ৩৪ মিনিটে খেয়ে বসে গোল। মামুনুলের কর্নার থেকে এমিলির হেডে ১-১। বিরতির পর খেলা শুরুর ৫২ সেকেন্ডের মধ্যে ২-১। এবার মিঠুনের সাজিয়ে দেওয়া বল জাহিদ জালে পাঠান মাপা শটে। রাসেল গোল পেতে পারত আরও, কিন্তু এক জাহিদই অন্তত চার-পাঁচবার সুবিধাজনক জায়গায় বল পেয়েও বারের ওপর দিয়ে মেরেছেন। নর্দের জায়গায় সুযোগ পাওয়া তারিখ মারজুকও সুযোগ হারিয়েছেন হেলায়। শেষ পর্যন্ত অবশ্য জয় পাওয়াটাই স্বস্তি রাসেলের জন্য। রাসেল এদিন নিজেদের স্বাভাবিক ছন্দময় ফুটবল ছেড়ে তিন পয়েন্টের জন্যই মূলত খেলেছে। ছোট ছোট পাসে সংগঠিত হওয়ার বদলে লম্বা বলে বেশি খেলেছে। তাই রাসেলকে সে অর্থে মাঠে চেনা যায়নি। ব্রাদার্স প্রায় ২-২ করেই ফেলেছিল, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন বাইরে না মারলে রাসেলের হাসিটা উধাও হয়ে যেতে পারত।লিগটা এখন এমন জায়গায়, সুন্দর ফুটবলের চেয়ে রাসেলের কাছে জেতাই শেষ কথা। কোচ মারুফুল হকেরও একই কথা, ‘আমাদের কাছে তিন পয়েন্টই আসল। তাই পয়েন্ট পেতে কৌশুলি ফুটবলই খেলেছি আমরা।’ সে যাই হোক, বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল কোনো অঘটন না ঘটায় লিগ টেবিলে আপাতত শীর্ষে উঠে এল রাসেল। ফেডারেনশন কাপের পর স্বাধীনতা কাপ ঘরে তোলা দলটি পেরোল আরেকটি বাধা। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট রাসেলের। আবাহনীর ২৮। এক ম্যাচ কম খেলে শেখ জামালের ২৫। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে সপ্তম স্থানে।